টেন্ডুলকার-বন্দনায় এবার মার্টিন ক্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্টিন ক্রো
মার্টিন ক্রো

শচীন টেন্ডুলকারে মুগ্ধতা প্রকাশ করেননি কে! পৃথিবীর প্রায় সব ব্যক্তিত্বই এক বাক্যে মেনে নিয়েছেন তাঁর শ্রেষ্ঠত্ব। ‘সর্বকালের সেরা’ বলতে কারও কারও আপত্তি থাকলেও তিনি যে তাঁর প্রজন্মের সেরা ক্রিকেটার, সেটা স্বীকার করেছেন সবাই। এই দলে সর্বশেষ সংযোজন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রো।

মার্টিন ক্রো টেন্ডুলকারকে নিয়ে চলা অন্য সাধারণ আলোচনায় যাননি। তিনি মুগ্ধ টেন্ডুলকারের মানসিকতা নিয়ে, তাঁর টেম্পারামেন্ট নিয়ে, ‘দীর্ঘ ২৪ বছর তাঁর টেম্পারামেন্টই আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে; পরিস্থিতি যতই কঠিন হোক, সে হাল ছেড়ে দিত না।’

টেন্ডুলকারের টেম্পারামেন্টের বর্ণনা দিতে গিয়ে ক্রো ফিরে গেছেন প্রায় ২৪ বছর আগে, ‘নেপিয়ারের ওই ইনিংসটির আগে ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম বলেই আউট হয়েছিলেন টেন্ডুলকার। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটা টেন্ডুলকার ওই সফরেই পেয়ে যেতে পারতেন বলে অভিমত ক্রোর, ‘ক্রাইস্টচার্চে প্রথম বলে আউট হয়ে গেলেও নেপিয়ারে পরের টেস্টে সে ৮৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিল। তার ইনিংসটি কিন্তু সহজ উইকেটে ছিল না। নেপিয়ারের ধীরলয়ের উইকেটে শট খেলা ছিল খুবই কঠিন। কিন্তু তার পরও সে তাঁর প্রতিভার পরিপূর্ণ সদ্ব্যবহার সেদিন করেছিল। আমার মনে হয়, শতকের কাছাকাছি এসে টেন্ডুলকার সেদিন একটু নার্ভাসই হয়ে পড়েছিল। না হলে প্রথম টেস্ট সেঞ্চুরিটা সে সেদিনই করে ফেলে।’

টেন্ডুলকার সেরা ফর্মে থেকেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন—এমন অভিমত ক্রোর। তবে ক্যারিয়ারের শেষের দিকে এসে তাঁর অবসর নিয়ে অতিরিক্ত আলোচনা তাঁকে একটু খোলসের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল বলে মনে করেন ক্রো, ‘ওর অবসর নিয়ে অনেক বেশি কথা হয়েছে। সে কারণে শেষের দুই বছর আমরা তাঁর কাছ থেকে ঠিক তাঁর সেরা খেলাটা দেখিনি। সে নিজেকে একটা খোলসের মধ্যে নিয়ে গিয়েছিল। কিন্তু আমি মনে করি একেবারে ঠিক সময়ে ক্রিকেটকে বিদায় বলেছেন লিটল মাস্টার।’ পিটিআই।