টেন্ডুলকার-বন্দনায় লারা-স্টুয়ার্ট
শচীন টেন্ডুলকার ফ্যান ক্লাবের সদস্য দিনে দিনে বেড়েই চলেছে। ব্রায়ান লারা তো সেই কবেই প্রতিদ্বন্দ্বী থেকে গুণমুগ্ধে পরিণত হয়েছেন। সর্বশেষ যোগ হলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালেক স্টুয়ার্ট। টেন্ডুলকারকে এখনো বিশ্বের সেরা ব্যাটসম্যান বলে মনে করেন লারা। আর স্টুয়ার্ট তাঁকে বলছেন ‘আধুনিক যুগের ব্র্যাডম্যান’।লারা ও স্টুয়ার্টের এই টেন্ডুলকার-বন্দনা গত পরশু লন্ডনে মহেন্দ্র সিং ধোনির দাতব্য প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহে আয়োজিত বিশেষ নৈশভোজে এক প্যানেল আলোচনায়। সেখানে লারা বলেছেন, ‘টেন্ডুলকার খেলা (টেস্ট) শুরু করেছে ১৬ বছর বয়সে। এখন ৩৮ বছর বয়সেও আমরা তাঁর চেয়ে ভালো কাউকে দেখিনি। টেন্ডুলকারই বিশ্বের সেরা ব্যাটসম্যান।’সেঞ্চুরির সেঞ্চুরি সম্ভাবনার সামনে দাঁড়িয়ে টেন্ডুলকার। লারা যেন জেনেই গেছেন, বন্ধু টেন্ডুলকার কীর্তিটা ছুঁয়ে ফেলবেন আগামীকাল থেকে শুরু লর্ডস টেস্টেই, ‘টেন্ডুলকারের শততম সেঞ্চুরি দেখতে আমি লর্ডসে যাচ্ছি।’ লারা-স্টুয়ার্টের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে টেন্ডুলকারের সতীর্থ রাহুল দ্রাবিড়ও তাঁর ভক্তরূপে দেখা দেন, ‘ভারতে আমাদের অনেক দেবতা আছে। সে-ও তাদের একজন।’আলোচনাটা শুধু টেন্ডুলকারেই সীমাবদ্ধ না থেকে রাহুল দ্রাবিড়েও ছড়িয়ে পড়ে। ক্রিকেট ধারাভাষ্যকার হেনরি ব্লোফেল্ডের এক প্রশ্নের উত্তরে লারা বলেন, ‘টেন্ডুলকার বিশেষ একজন আর দ্রাবিড় হলো দেয়াল (ওয়াল)।’ স্টুয়ার্টও দ্রাবিড়ের প্রশংসা করে বলেছেন, ‘দ্রাবিড়ও সব সময়ই সেরাদের একজন। সে অসাধারণ এক ক্রিকেটার। টেকনিক্যালি ভারতের সবচেয়ে ভালো খেলোয়াড়।’ টেন্ডুলকার-দ্রাবিড়ের এত প্রশংসা, ব্রায়ান লারাই বা বাদ থাকেন কেন? ক্রিকেটীয় কীর্তি তো তাঁরও কম নয়। লারার প্রাপ্যটা দিলেন স্টুয়ার্ট, ‘সে ছিল নব্বইয়ের দশকের সেরা খেলোয়াড়। কিন্তু আধুনিক যুগে টেন্ডুলকার লারার চেয়ে ভালো—আধুনিক যুগের ব্র্যাডম্যান।’ ওয়েবসাইট।