টেন্ডুলকার-বিদায়ের প্রস্তুতি

শচীন টেন্ডুলকারের ২০০তম টেস্ট। আয়োজকদের ধন্য হওয়ার জন্য এই তথ্যটাই ছিল যথেষ্ট। আয়োজকদের রোমাঞ্চ আরও বাড়িয়ে দিয়েছে টেন্ডুলকারের অবসর ঘোষণা। গত মাসেই ‘এ যুগের ব্র্যাডম্যান’ জানিয়ে দিয়েছেন, এটাই তাঁর শেষ টেস্ট। টেন্ডুলকারের অনুরোধেই তাঁর বিদায়ী ম্যাচটা হচ্ছে ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
তা কেমন হচ্ছে টেন্ডুলকারের বিদায়ী টেস্টের প্রস্তুতি? যা আভাস, তাতে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) আয়োজনের কোনো ত্রুটিই রাখতে চাইছে না। দর্শকেরা যাতে মাঠে এসে ‘ক্রিকেট দেবতা’কে ইতিহাস-স্মরণীয় বিদায় জানাতে পারে, তার সব ব্যবস্থাই করছে এমসিএ। ম্যাচটা হবে ১৪ থেকে ১৮ নভেম্বর। টেন্ডুলকার তো বটেই; টেন্ডুলকার-পরিবারের জন্যও চলছে বিশেষ প্রস্তুতি। ম্যাচে বিশেষ অতিথি থাকবেন টেন্ডুলকার-জননী রজনী টেন্ডুলকার। টেন্ডুলকারের ২৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনোই মাঠে এসে ছেলের খেলা দেখেননি মা। অনেক আগেই হুইলচেয়ার-বন্দী হয়ে পড়া মা ঠিক করেছেন, ছেলের বিদায়ী টেস্টটা মাঠে বসে দেখবেন।
হুইলচেয়ারে প্রেসিডেন্ট বক্সে ওঠা-নামা করতে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য বানানো হচ্ছে ঢালু সিঁড়ি। মাঠে থাকবে টেন্ডুলকারের বিশালাকার এক প্রতিকৃতি। বিদায়ী উপহার হিসেবে টেন্ডুলকারই এটা চেয়েছিলেন। টেন্ডুলকার ঠিক কেমন আকৃতির, কোন ধরনের প্রতিকৃতি দেখতে চান, সেটা জানতে শিগগিরই তাঁর বাড়িতে একজন চিত্রশিল্পীকে পাঠানো হবে। মহাবীর নগরে এমসিএর নিয়ন্ত্রণাধীন ক্যান্ডিভালি ক্লাবের নাম বদলে হয়ে যাচ্ছে ‘শচীন টেন্ডুলকার জিমখানা’।
টেস্টের পাঁচ দিনজুড়ে দেখানো হবে টেন্ডুলকারের দুই যুগের ক্যারিয়ারের চুম্বক অংশ। প্রতিদিনের টিকিটের মূল্য ২৫০ রুপি, পাঁচ দিনের টিকিটের ১০০০ রুপি। প্রতিটি টিকিটের গায়ে থাকবে টেন্ডুলকারের ছবি এবং তাঁর ৫১টি টেস্ট সেঞ্চুরির স্কোর। টেন্ডুলকারের অনুরোধে তাঁর জন্য বরাদ্দ থাকবে ৫০০ টিকিট। এর ২০০টি টিকিট প্যাভিলিয়নের, উত্তর স্ট্যান্ডের ৩০০।
মনে রাখবেন, টেন্ডুলকারের বিদায়ী টেস্টের প্রস্তুতির কিন্তু সবে শুরু! ওয়েবসাইট।