টেন্ডুলকার-ভক্তিতে আপত্তি
অবসর নিয়েছেন আগেই। এখন তো আর মাঠে খেলা সম্ভব নয়। তবে মাঠের বাইরে বসে ভালোই খেলছেন মাইকেল ভন। কখনো টুইটারে কখনো পত্রিকায় লেখা কলামে—একের পর এক আলোচনার রসদ জোগান দিয়েই চলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক।ভনের নতুন মন্তব্য নিয়েও আলোচনা জমতে পারে। অবশ্য এবার ভারতীয়দের নয়, ভন কলমের খোঁচা দিয়েছেন ইংল্যান্ডেরই রবি বোপারাকে। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারের ‘হিরো’ আবার শচীন টেন্ডুলকার। ভনের আপত্তি এখানেই। তাঁর মতে, বোপারার সময় এসেছে টেন্ডুলকারের মুগ্ধ ভক্তের পরিচয়টা মুছে ফেলার, ‘একসময় আসে যখন উদীয়মান প্রতিভাবান ক্রিকেটার থেকে আপনি পুরোদস্তুর আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে ওঠেন। বোপারার জন্য সেই সময়টা এসে গেছে। ওর বয়স এখন ২৬, দলের সিনিয়র খেলোয়াড়দের একজন সে। বোপারাকেও সেটা বুঝতে হবে।’জোনাথন ট্রট চোটের কারণে এই টেস্টে খেলতে না পারায় অপ্রত্যাশিতভাবে দুই বছর পর সুযোগ পেয়েছেন। ভারতের বিপক্ষে এটাই তাঁর প্রথম টেস্ট। বোপারার সবচেয়ে বড় চ্যালেঞ্জও। ভন সেটাই বলছেন, ‘ওর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওরই হিরো শচীনের সঙ্গে একই মাঠে খেলা। ও সব সময় শচীনকে অনুকরণ করে এসেছে। কিন্তু এখন ও টেস্ট খেলছে। এখন ওকে স্বীকার করতে হবে, ওর আর শচীনকে অনুসরণ করা চলে না। “ওয়াও, শচীনের দিকে দেখো”—একটু পর পর এই কথা বলে চমকে যাওয়া যাবে না। টেস্ট ক্রিকেটার হিসেবে আপনি প্রতিপক্ষের কারও পূজা করতে পারেন না। এটা যুদ্ধক্ষেত্র, এখানে আপনি তাদের বিরুদ্ধে লড়ছেন।’ ওয়েবসাইট।