টেন্ডুলকার রুনিদেরও প্রেরণা
ঘোরতর দুঃসময়ের ভেতর দিয়ে হাঁটছেন ওয়েইন রুনি। ব্যর্থতা-সমালোচনার কাঁটা ছড়ানো চারদিকে। ওত পেতে রাখা অনিশ্চয়তার ফাঁস। কী করে উদ্ধার মিলবে তাঁর? খুব ভালো একটা পরামর্শ রাহুগ্রস্ত রুনিকে দিয়েছেন এড স্মিথ। ক্রিকেটার থেকে সাংবাদিক হয়ে যাওয়া স্মিথ তাঁর কলামে লিখেছেন, শচীন টেন্ডুলকারকে আদর্শ হিসেবে নিয়ে রুনির উচিত তার কাছ থেকে শেখা।দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ার পেরিয়ে এসে টেন্ডুলকার এখনো অসাধারণ। কী রহস্য এই সাফল্যে? স্মিথ লিখেছেন, চরম দুঃসময়ে মাথা ঠান্ডা রাখা আর পরিমিত জীবনযাপনই কখনো কক্ষচ্যুত হতে দেয়নি টেন্ডুলকারকে, ‘দেখে যেমনটা মনে হয়, টেন্ডুলকারের ক্যারিয়ার কিন্তু কখনোই এতটা শান্ত-স্থির ছিল না। কোচদের সঙ্গে ওর তর্ক-বিতর্ক হয়েছে, অধিনায়ক হিসেবে অসন্তোষজনক সময় কেটেছে, ভাগ্যদেবী মুখ তুলে তাকায়নি এমন দীর্ঘ সময়ও পার করতে হয়েছে।’স্মিথ লিখেছেন, এই দুঃসময়ে নুয়ে না পড়াতেই লুকিয়ে সাফল্য, ‘অসংখ্য হতাশার মুহূর্ত তার কেটেছে, যে সময়টায় ও পথ হারিয়ে ফেলতে পারত। কিন্তু ও মেজাজ হারায়নি। আত্মমর্যাদা ক্ষুণ্ন হয় এমন কিছু করেনি। এর বদলে সে হতাশা থেকেই খুঁজে নিয়েছে প্রেরণা।’এসবও স্মিথ বাদ দিয়ে শুধু তাকাতে বলেছেন টেন্ডুলকারের ওপর যে প্রত্যাশার চাপ, সেটার দিকে। প্রতিবার যখন ব্যাট হাতে ক্রিজে নামেন, টেন্ডুলকারের দিকে তাকিয়ে থাকে এক শ কোটি মানুষের একটা দেশ। ‘ইংল্যান্ডে ফুটবলারদের তো দেখা হয় নায়ক হিসেবে। ভারতে পরিস্থিতিটা আরও কঠিন। সেখানে ক্রিকেটাররা দেবতার সমান’—ইংলিশ ফুটবলারদের ওপর চাপটা যে তুলনামূলক কম, সেটাই যেন প্রমাণ করে দিলেন স্মিথ।সব চাপ, যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য টেন্ডুলকার ধ্যানমগ্ন হয়ে পড়েন ২২ গজের রাজত্বে। স্মিথের কলমে প্রশংসার স্রোতই তাই ছুটেছে, ‘টেন্ডুলকার এই সিদ্ধান্তে পৌঁছেছে, একটা জায়গাতেই সে খ্যাতির বিড়ম্বনা থেকে মুক্ত। একটাই রাজ্য আছে, যেখানে তাকে বিরক্ত করা যায় না কোনোভাবেই। যে রাজ্যের নাম ক্রিজ। ব্যাট হাতে যেখানে টেন্ডুলকার যেন নিজের জীবনেরই কন্ডাক্টর; কেবল সোপ অপেরার আরেকজন অভিনেতা নয়। মরিয়া মিডিয়া, অশেষ আকাঙ্ক্ষার সমর্থক, নাক গলানো কোচ কিংবা লোভী এজেন্ট—কারও সাধ্য নেই ক্রিজে ওকে ওর মতো হয়ে উঠতে বাধা দেয়।’আর এ কারণেই এই বয়সেও এসে টেন্ডুলকারকে অপ্রতিরোধ্য বলে মনে করেন অন অ্যান্ড অব দ্য ফিল্ড বইয়ের রচয়িতা স্মিথ। টাটকা উদাহরণ টেনে দেখিয়ে দিয়েছেন, মাত্রই ১৪ হাজার রান পূর্ণ করা টেন্ডুলকার ১৩ থেকে ১৪ হাজারে পৌঁছেছেন মাত্র ১২টি ইনিংস খেলে। যেটা তাঁর ক্যারিয়ারেরই সবচেয়ে দ্রুত হাজার রান পূর্ণ করার রেকর্ড।রুনিকে তাঁর ভেতরের ‘টেন্ডুলকার’টিকে জাগিয়ে তোলার আহ্বান জানিয়ে স্মিথ লিখেছেন, ‘রুনির জন্য সময় এসেছে তার চারপাশে ঘিরে ধরা চাপকে গোলে রূপান্তরিত করে ফেলার।’ ওয়েবসাইট।