টেন্ডুলকার-সঙ্গে রোমাঞ্চিত পন্টিং
নভেম্বরের সেই বিকেল বিষণ্ন করে তুলেছিল গোটা অস্ট্রেলিয়াকে। বিশ্বজুড়ে তাঁর ভক্তকুলকেও। তবে সিডনির বাড়িতে বসে চোখ মুছতে মুছতে মনের একটা কোণে খানিকটা ভালো লাগাও নিশ্চয়ই কাজ করছিল রিয়ানার। সদ্য কৈশোর পেরোনো বয়স থেকে জীবনের পথচলায় যাঁকে সঙ্গী করেও সঙ্গে পাননি বেশি সময়, এবার নিশ্চয়ই তাঁকে পাবেন লম্বা সময়! বাবাকে সব সময় কাছে পাওয়ার আনন্দে হয়তো উদ্বেল ছিল এমি ও মাতিস। কিন্তু পন্টিং-পরিবারের সেই আশা পূর্ণ হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ক্রিকেটে তো আরও বেশি ব্যস্ত হয়ে পড়লেন রিকি পন্টিং!অবসরের পরপরই হোবার্ট হারিকেনসের হয়ে খেললেন বিগ ব্যাশে। তাসমানিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে। এখন আইপিএল খেলতে চলে এসেছেন ভারতে। এরপর কাউন্টি খেলবেন সারের হয়ে, তারপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসরে। সাম্প্রতিক অতীতের আরও অনেকের মতো ‘শেষ হইয়াও হইল না শেষ’ পন্টিংয়ের ক্যারিয়ার। পন্টিং-পরিবারে অভিমানের মেঘ জমতে পারে, ক্রিকেটপ্রেমীরা কিন্তু উল্লসিত। পন্টিং খেলা চালিয়ে যাচ্ছেন বলেই না অভাবনীয় একটা ঘটনা দেখার সুযোগ মিলছে। আধুনিক ক্রিকেটের দুই গ্রেট শচীন টেন্ডুলকার ও পন্টিংকে দেখা যাবে একই দলে। শুধু তা-ই নয়, আধুনিক ক্রিকেটের অন্যতম সফল অধিনায়কের নেতৃত্বে খেলবেন সফলতম ব্যাটসম্যান!গত নিলামে পন্টিংকে কিনে সুযোগটা করে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। মুম্বাইয়ে তিনি এর আগেও অনেকবার এসেছেন, তবে শত্রু হয়ে। এবার টেন্ডুলকারের মতো তিনিও ঘরের ছেলে। পন্টিং তাই মুখিয়ে আছেন নতুন একটি অভিজ্ঞতার জন্য, ‘মুম্বাইয়ে আসার সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যেটি, ও ব্যাটিংয়ে নামলেই দর্শক এমনভাবে চিৎকার শুরু করে যে কানে তালা লেগে যায়। সব সময়ই এই অভিজ্ঞতা হয়েছে প্রতিপক্ষ দলে থেকে। এখন আমিও ওর দলে, আশা করি এবার মজাই লাগবে!’সময়ের সেরা ব্যাটসম্যানের তকমা নিয়ে একসময় জোর লড়াই হয়েছে এই দুজনের। একসময়ের আরেক প্রবল প্রতিপক্ষকেও মুম্বাইয়ে সতীর্থ হিসেবে পাচ্ছেন পন্টিং। ক্যারিয়ারে সবচেয়ে বেশিবার (১৩ বার) আউট হয়েছেন বলেই শুধু নয়, ‘মাঙ্কিগেট’সহ মাঠের বাইরের নানা কারণে হরভজন সিং ও পন্টিংয়ের সম্পর্ক একসময় ছিল সাপে-নেউলে। মাঙ্কিগেট বিতর্কে টেন্ডুলকারের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেও সে সময় হইচই ফেলে দিয়েছিলেন পন্টিং। ক্রিকেট-বিধাতা এই চরিত্রগুলোকে এবার নিয়ে এলেন এক ছাতার নিচে! পন্টিং কিন্তু সাবেক শত্রুদের বন্ধু হিসেবে পেয়ে উচ্ছ্বসিত, ‘বছরের পর বছর যাদের সঙ্গে দারুণ সব লড়াই হয়েছে, সেই শচীন টেন্ডুলকার ও হরভজন সিংয়ের সঙ্গে খেলতে পারাটা হবে দারুণ। সব বিতর্ক পেছনে ফেলে এসেছি, আমরা সবাই এখন বন্ধু। সাবেক কয়েক অস্ট্রেলিয়ান সতীর্থ (জনসন-হিউজ-ম্যাক্সওয়েল) ও স্থানীয় তরুণ ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারাটাও হবে অসাধারণ অভিজ্ঞতা।’প্রথম আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন পন্টিং। ৪ ম্যাচে করতে পেরেছিলেন মাত্র ৩৯ রান। গোধূলিবেলায় আবার আইপিএলে ফিরতে পেরে পন্টিং রোমাঞ্চিত, ‘শেষবার যখন খেললাম, বলেছিলাম আমি ফিরব। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার কারণে সেই কথা রাখতে পারিনি। এবার সুযোগ পেয়ে তাই ভালো লাগছে।’প্রথম চার মৌসুমে টেন্ডুলকার ও গত মৌসুমে হরভজনের নেতৃত্বে খেলা মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক এবার পন্টিং। বিপুল বাজেটে দল গড়েও শিরোপার স্বাদ না পাওয়া দলটি এবার আরও আটঘাট বেঁধে নেমেছে। ছিনিয়ে এনেছে বেঙ্গালুরুর মেন্টর অনিল কুম্বলেকে, কোচ করেছে জন রাইটকে। বোলিং কোচ শন পোলক ও ফিল্ডিং কোচ জন্টি রোডস তো আছেনই। পন্টিং আশাবাদী, এবার ঘুচবে আক্ষেপ, ‘অস্ট্রেলিয়াকে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছে বলে আমি জানি একটা ভালো দলকে কীভাবে সাফল্য এনে দিতে হয়। সেই অভিজ্ঞতা মুম্বাইয়ের হয়ে কাজে লাগানোর চেষ্টা করব। রাইট-কুম্বলেসহ আমাদের লিডারশিপ গ্রুপটা দারুণ। আশা করি, এই মৌসুমটা হবে আমাদের।’ ওয়েবসাইট।