টেন্ডুলকার হওয়ার অনেক জ্বালা
১৪৬ রান, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গত জানুয়ারি মাসে কেপটাউন টেস্টে। ১১১ রান, এবারও প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ওয়ানডের এই সেঞ্চুরিটি এসেছে ভারতের নাগপুরে, গত বিশ্বকাপে।ওয়ানডের সেঞ্চুরিটাই আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের এখন পর্যন্ত সর্বশেষ। টেস্টে এরপর খেলেছেন সাত ইনিংস, ওয়ানডেতে পাঁচ। ১২ ইনিংসে একটিও সেঞ্চুরি নেই বলে সমালোচনার ছিপি খুলে দিয়েছেন অনেকেই। শচীন টেন্ডুলকার বলে কথা! সেঞ্চুরিবিহীন এতগুলো ইনিংস তিনি কেন খেলবেন? তার ওপর সবাই যখন চাতক পাখির মতো অপেক্ষায় আছে মহার্ঘ সেই সেঞ্চুরিটির—ক্রিকেট ইতিহাসে প্রথম কারও শততম আন্তর্জাতিক সেঞ্চুরি।শচীন টেন্ডুলকার হওয়ার জ্বালা অনেক। সম্ভবত তিনিই একমাত্র ক্রিকেটার, যাঁর সাফল্যের চেয়ে ব্যর্থতা নিয়ে মানুষ কথা বলে বেশি। টেন্ডুলকার ব্যর্থ হবেন, এটা মানাই যায় না! তাঁর ব্যাটে মানুষ সেঞ্চুরি দেখে অভ্যস্ত, শূন্য রানে আউট হওয়া দেখতে নয়। সেই টেন্ডুলকারের শততম সেঞ্চুরিটি এখনো অপেক্ষার জালে। আর এই অপেক্ষাই শততম সেঞ্চুরি-সংক্রান্ত আলোচনা জিইয়ে রেখেছে। শুধু ভারতীয় দল বা ভারতের মানুষ নয়, ক্রিকেটের এই সোনালি উপলক্ষ উদ্যাপনের অপেক্ষায় ইংলিশরাও। ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ইংলিশদের সামনে কীর্তিটা গড়া হলে তাঁরা যেন খুশিই হন।টেস্ট-ওয়ানডে মিলে যার ভান্ডারে ৩২ হাজার ৯৬২ রান, তিনি নিশ্চয়ই প্রত্যাশার মিছিলটাকে হতাশ করবেন না। ভারত ওভালে আরও একটা টেস্ট খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর আছে পাঁচটা ওয়ানডে। শততম সেঞ্চুরি নিশ্চয়ই এসে যাবে। তবে আশাবাদীদের এমন আশায় সংশয়ের ঘুণ ধরাচ্ছে চলতি সিরিজে টেন্ডুলকারের এখন পর্যন্ত পারফরম্যান্স। তিন টেস্টে ১৫৯ রান, ব্যাটিং মায়েস্ত্রোর নামের সঙ্গেই যে যায় না অঙ্কটা! লর্ডসে ৩৪ ও ১২, ট্রেন্টব্রিজে ১৬ ও ৫৬ এবং এজবাস্টনে ১ ও ৪০। টেস্ট ক্যারিয়ারে টেন্ডুলকারের ব্যাটিং-গড় যেখানে ৫৬.২৫, সেখানে গত তিন টেস্টে কিনা মাত্র ২৬.৫০!অভিযোগটা অবশ্য শুধু টেন্ডুলকারের দিকে ছুড়লে ভুল হবে। এই সিরিজে গোটা ভারত দলেরই এই হাল। একটা ইনিংসেও এখন পর্যন্ত ১০০ ওভারের বেশি খেলতে পারেনি দলটা, পারেনি ৩০০ রানের ইনিংস খেলতে।ওভাল টেস্টে কি এসব হবে? হবে শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরিও? সিরিজ থেকে এখন ভারতের পাওয়া বলতে তো আছেই এসব! ওয়েবসাইট।