টেন্ডুলকার ‘ব্যথিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর ৪০ বছরের জীবনের প্রায় পুরোটা জুড়েই আছে ক্রিকেট। ক্রিকেটই তাঁর সাধনা, ক্রিকেটই তাঁর প্রেম-ভালোবাসা। সেই ক্রিকেটকে আরও একবার ক্ষতবিক্ষত হতে দেখলেন শচীন টেন্ডুলকার। আরও একবার বাজিকরদের থাবায় টালমাটাল ব্যাট-বলের খেলাটি। বর্তমান ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে এ নিয়ে মুখ খুললেন টেন্ডুলকার। টেন্ডুলকার বলেছেন, রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার, এমনকি আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের এক শীর্ষ কর্মকতার বিরুদ্ধে ওঠা স্পট ফিক্সিংয়ের অভিযোগে তিনি ‘বিস্মিত ও ব্যথিত’।বিষয়টি নিয়ে দেওয়া এক বিবৃতিতে টেন্ডুলকার বলেছেন, ‘ক্রিকেট খেলাটি যখনই ভুল কারণে খবরের শিরোনাম হয়, আমি আহত হই। দুই সপ্তাহ ধরে যেসব ঘটনা বেরিয়ে এসেছে, সেটা বিস্ময়কর ও বেদনাদায়ক। ক্রিকেটার হিসেবে আমরা সব সময়ই শিক্ষা পেয়ে এসেছি মাঠে গিয়ে সবটুকু দিয়ে লড়াই করার, নিজের সেরাটা ঢেলে দেওয়ার এবং খেলাটার প্রকৃত চেতনা ধরে রেখে খেলার।’খেলাটার প্রতি সাধারণ মানুষের যে আবেগ-ভালোবাসা, বিশ্বাস ও আস্থার বিশাল বিনিয়োগ, সেটি যেকোনো মূল্যে অক্ষুণ্ন রাখতে হবে বলে মনে করেন তিনি, ‘এই কঠিন সময়ে আমি প্রত্যেক ক্রিকেটারের পাশে দাঁড়াচ্ছি, যারা ময়দান থেকে শুরু করে দেশের বিভিন্ন পর্যায়ে ক্লাব, রাজ্য ও দেশকে প্রতিনিধিত্ব করে, যারা কর্তৃপক্ষের ওপর এই আস্থা রাখে, বিষয়টির মূলে পৌঁছানোর জন্য কর্তৃপক্ষ সব রকম ব্যবস্থা নেবে। লাখো সমর্থকের যে বিশ্বাস খেলাটির ওপর আছে, সেটাকে মূল্যায়ন করতেই হবে। ভারতীয় ক্রিকেটে যে গৌরব এবং আনন্দের বাইরে কিছু নেই, সেটা প্রমাণ করার জন্য আমরা তাদের কাছে দায়বদ্ধ।’সাবেক ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণও বলেছেন আইপিলের এই সব অনিয়মের সংবাদ ‘উদ্বেগজনক’, ‘এটা খুবই হতাশার। গত দুই সপ্তাহ ছিল খুবই উদ্বেগজনক এবং নিশ্চিতভাবে ক্ষোভেরও। আশা করি, দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ের পুলিশ যে তদন্ত করছে, সেগুলো যৌক্তিক একটি উপসংহারে পৌঁছাবে, এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো—সমস্যার যেটা মূল, সেটি উৎপাটিত হবে। এটাও খুবই গুরুত্বপূর্ণ, কিছু লোভী খেলোয়াড়ের জন্য যেন বাকি খেলোয়াড়দের বিশ্বাসযোগ্যতা নষ্ট না হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমি নিশ্চিত, শিগগিরই এটা থেকে আমরা মুক্তি পাব।’বিষয়টি নিয়ে কথা বলেছেন খোদ ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি অবশ্য আহ্বান জানিয়েছেন, খেলাটির সঙ্গে যেন রাজনীতি যুক্ত করে না ফেলা হয়, ‘তদন্ত চলাকালীন কিছু বলা ঠিক হবে না। তবে আমি আশা করি, খেলাটির সঙ্গে রাজনীতি মেশানো হবে না।’ ওয়েবসাইট।