টেন্ডুলকারও আটকাতে চাইছিলেন চোখের জল
তিনি যদি আউট হতে না চান, তাঁকে আউট করা মুশকিল। শুধু তো স্ট্রোক প্লেয়িং নয়, তাঁর মতো অবিশ্বাস্য ভালো খেলোয়াড় হতে গেলে ডিফেন্সটাও অটুট-অটল হতে হয়। কিন্তু প্রশ্নটা যখন আবেগের স্রোত আটকে রাখার, তাতে খুব একটা কাজ করে না শচীন টেন্ডুলকারের ‘ডিফেন্স’। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সফল ব্যাটসম্যানটি এত দিন পর জানালেন, ক্যানসার থেকে চিকিৎসা নিয়ে সদ্যই ফেরা যুবরাজ সিংয়ের সঙ্গে প্রথম দেখা হলো যখন, কিছুতেই আটকে রাখতে পারছিলেন না চোখের জল!জীবনটাও কখনো কখনো ২২ গজি উইকেট। এখানেও লড়তে হয় নিরন্তর। সেই লড়াইয়ের গল্প নিয়ে ক্যানসার জয় করে আবার ক্রিকেট মাঠে ফেরা যুবরাজ একটা বই লিখেছেন। দ্য টেস্ট অব মাই লাইফ: ফ্রম ক্রিকেট টু ক্যানসার অ্যান্ড ব্যাক। সেই বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসে লন্ডনে যুবরাজের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে টেন্ডুলকার বলেছেন, ‘লন্ডনে যখন ওর সঙ্গে দেখা করতে গেলাম, আমি আমার স্ত্রীকে বলছিলাম, আমি কিছুতেই ওকে দেখামাত্রই কান্নায় ভেঙে পড়তে চাই না। ওর সঙ্গে দেখা হওয়ার পর খুব জোরে বুকে টেনে নিয়েছিলাম। দুজনে একসঙ্গে খেয়েছি, ও যেভাবে ক্ষুধার্তের মতো খাচ্ছিল, তাতেই বুঝে গিয়েছিলাম, জীবনের কক্ষপথে ও ফিরে আসছে।’টেন্ডুলকারের স্ত্রী অঞ্জলি নিজেও ডাক্তার। যুবরাজের কাছ থেকে তাই সে সময় বুঝে নিচ্ছিলেন তাঁর অবস্থাটা। টেন্ডুলকার বলেছেন, ‘যখন দেখলাম আমার স্ত্রী চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় ওর সঙ্গে কথা বলছে, তখনই আসলে বুঝেছি, কী একটা কঠিন সময়ের ভেতর দিয়েই না যুবরাজকে যেতে হয়েছে। ও যেন ঠিক আমার ছোট ভাই। ভগবানকে প্রশ্ন করতে চাই, যুবরাজের সঙ্গে এটা কি হতেই হতো?’টেন্ডুলকারের মতো মহাতারকার সঙ্গে এক ড্রেসিংরুমে থাকার প্রথম রোমাঞ্চের কথা জানিয়েছেন যুবরাজ। টেন্ডুলকারের সঙ্গে তাঁর প্রথম দেখার স্মৃতিটি বলতে গিয়ে বলেছেন, ‘ড্রেসিংরুমে শ্রদ্ধা আর ভয়ার্ত চাউনি নিয়ে ওর দিকে তাকিয়ে ছিলাম। হুট করে ও বলে বসল, “বিস্কুটগুলো এদিকে দাও”।’ সংবাদ সম্মেলনে পাশে বসা টেন্ডুলকার এ সময় যুবরাজের মুখের কথা কেড়ে নিয়ে বলেন, ‘সেই বিস্কুট আজও পেলাম না!’টেন্ডুলকার ছাড়াও দিল্লির এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারত অধিনায়ক জানান, যুবরাজের ক্যানসার হওয়ার খবরটি তিনিই আগে পেয়েছিলেন, ‘ডাক্তারি পরীক্ষার ফল যখন পাওয়া গেল, একজন আমাকে জানাল ক্যানসার ধরা পড়েছে। আমি শুধু বললাম, কী বলছেন? ঠিক তো! ওই মানুষটা জানালেন, খবরটা সত্যিই। যুবরাজের ক্যানসার হয়েছে। আমি ভীষণ চমকে গিয়েছিলাম।’ক্যানসার থেকে ফেরার পর এই সর্বনাশা রোগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন যুবরাজ। আরও একবার প্রত্যয় ঘোষণা করলেন, ক্যানসার সম্পর্কে সচেতনতা এবং একটি দাতব্য তহবিল গড়ে তুলতে কাজ করে যাবেন তিনি। ওয়েবসাইট।