টেন্ডুলকারও পারেননি, কোহলি পেরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিভ রিচার্ডসের রেকর্ড ছোঁয়া ইনিংস খেলার পথে কোহলি। ছবি: বিসিসিআই
ভিভ রিচার্ডসের রেকর্ড ছোঁয়া ইনিংস খেলার পথে কোহলি। ছবি: বিসিসিআই

শচীন টেন্ডুলকারের প্রস্থানের পর একটি প্রশ্নই ঘুরে ফিরে আসছে। লিটল মাস্টারের সেঞ্চুরি কিংবা রানের সৌধ স্পর্শের সাধ্য আর কার আছে? সার্চলাইটে আপাতত কেউ ধরা পড়বে না। তবে টেস্ট বাদ দিয়ে একদিনের ম্যাচের কথা ভাবলে একটি নামের ওপর সন্ধানী আলোটা পড়তে বাধ্য। তিনি শচীনেরই অনুজ সতীর্থ—বিরাট কোহলি।

গতকাল কোচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটিতেই ভিভ রিচার্ডসের একটি রেকর্ড ছুঁয়ে ফেলার পর প্রশ্নটা যেন আরও উচ্চকিত হলো। নিজের ১১৪তম ইনিংসে টুপ করে ঢুকে পড়লেন ওয়ানডের পাঁচ হাজারি ক্লাবে। সমান ইনিংস লেগেছিল রিচার্ডসেরও।

যখন জানবেন, খোদ টেন্ডুলকারের এই ক্লাবে ঢুকতে লেগেছিল ১৩৮ ইনিংস, কোহলি-এক্সপ্রেসের গতি আপনাকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবেই। তা ছাড়া ক্রিকেট এখন প্রবেশ করেছে টি-টোয়েন্টি যুগে। যে টি-টোয়েন্টির ছাপ সবচেয়ে বেশি পড়েছে ওয়ানডেতেই। এই তো সেদিন ১৬ ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন। অস্ট্রেলিয়া-ভারত সিরিজে বারবার প্রমাণ হলো, ৩৫০+ স্কোরও এখন নিরাপদ নয় ধুমধাড়াক্কা ক্রিকেটের এই যুগে।

২০০৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইডিয়া কাপে অভিষেকের পর মাত্র পাঁচ বছরেই আলোটা নিজের করে নিয়েছেন ভারতের এ রানমেশিন। এই পাঁচ বছরে কোহলি সত্যিই অবিশ্বাস্য রকমের ধারাবাহিক। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টেন্ডুলকারের একসময়ের অস্পর্শনীয় ওয়ানডে রেকর্ডও সত্যিই পড়ে যাবে শঙ্কার মধ্যে।

বিদায়ের আগে রাতে খোদ টেন্ডুলকার কোহলিকে নিজের হোটেলকক্ষে ডেকে কথা বলেছিলেন, যেটিকে ভারতীয় সংবাদমাধ্যম বর্ণনা করেছে উত্তরসূরির কাছে টেন্ডুলকারির দায়িত্ব অর্পণের অনানুষ্ঠানিকতা। কোহলি অবশ্য দাবি করছেন, রেকর্ড-টেকর্ড নিয়ে তিনি মোটেও মাথা ঘামান না।

২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরুর ওয়ানডে ম্যাচটিতে রিচার্ডসের রেকর্ডটা ভেঙে দেওয়ার প্রান্তে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ওই ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে। কালকের ম্যাচটিতে কমপক্ষে ৮১ রান না করলে রেকর্ড রিচার্ডসেরই থেকে যেত। ৮৬ রানের ইনিংসটা খেলে রেকর্ডে ভাগ বসানোর পাশাপাশি ম্যাচসেরা হওয়ার পর এই ২৫ বছর বয়সী বলেছেন, ‘রেকর্ড সম্পর্কে বেঙ্গালুরেই আমি বলেছিলাম, আমি কখনো এসবের জন্য খেলি না। আমি মনে করি, যদি ভালো ব্যাট করতে পারি, এ ধরনের অনেক রেকর্ড এমনিতে হবে।’

রেকর্ডের ব্যাপারে এমন বিনয়ের নিদর্শন দেখাতেন টেন্ডুলকারও। মিল খুঁজে পাওয়া যাচ্ছে এখানেও। যদিও কোহলির মধ্যে ‘বিনয়’ জিনিসটা অভাব অনেকেই খুঁজে পান। হয়তো বয়সের সঙ্গে সঙ্গে পরিণতও হচ্ছেন। তবে রিচার্ডসের পাশে গুরুত্বপূর্ণ একটি রেকর্ডে নাম বসানোর উচ্ছ্বাসটা শেষ পর্যন্ত ধরা পড়লই তাঁর কণ্ঠে, ‘তাঁর (ভিভ রিচার্ডস) মতো খেলোয়াড়ের অর্জনে ভাগ বসানো অন্য রকম একটা অনুভূতি এনে দেয়। তবে এটাই তো শেষ নয়। বরং এটা এ রকমের শুরু। তাঁর রেকর্ডে ভাগ বসাতে পেরে ভালো লাগছে, তবে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে।’

যে কোনো খেলার আপডেট পেতে S লিখে এসএমএস করুন 2221 নম্বরে। শুধুমাত্র ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে।