টেন্ডুলকারকে অবসরের পরামর্শ কপিলের
নানা সময়েই সুনীল গাভাস্কারের সঙ্গে তাঁর মতের মিল হয়নি। এবারও হলো না। গাভাস্কার যখন বলছেন, ড্রেসিংরুমে শচীন টেন্ডুলকারের উপস্থিতি এখনো অপরিহার্য, কপিল দেব বলছেন, না, এটাই সঠিক সময় অবসরের। অবসর নেওয়ার পরেও টেন্ডুলকার ক্রিকেটের একজন মহান দূত হয়ে থেকে যেতে পারবেন বলে মনে করেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। যেমনটা হয়েছেন টেন্ডুলকারেরই তিন ঘনিষ্ঠ সতীর্থ সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় আর অনিল কুম্বলে।টেন্ডুলকার তাঁর ক্যারিয়ারের সেরা সময়টা ফেলে এসেছেন বলেই মনে করেন কপিল। আর এই বাস্তবতা শুধু টেন্ডুলকার নন, বাকিদেরও মেনে নেওয়ার পরামর্শ তাঁর। টেন্ডুলকার টানা তিনটা সেঞ্চুরি করলেও এই ধারণা পাল্টাবেন না বলেই জানালেন। নতুন এক ক্রিকেটারকে জায়গা ছেড়ে দিয়ে টেন্ডুলকারের সরে যাওয়াই উচিত হবে বলে মনে করেন তিনি। অবসর নেওয়ার পর টেন্ডুলকারের জীবনে বিশাল শূন্যতা তৈরি হবে বলে অনেকের ধারণার সঙ্গেও একমত হতে পারেননি কপিল। তাঁর মতে, ক্রিকেটকে টেন্ডুলকার এত কিছু দিয়েছেন, তাঁর ক্রিকেট-পরবর্তী জীবন অনেক সুন্দর, কানায় কানায় পূর্ণ হবে। ওয়েবসাইট।