টেন্ডুলকারকে কোহলির কুর্নিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারের ভাবশিষ্য বলা যায় তাঁকে। ভারতীয় ব্যাটিং কিংবদন্তিকে আদর্শ মেনে বেড়ে উঠেছেন, ব্যাটিংয়েও যেন তাঁর শূন্যতা পূরণের প্রায় অসম্ভব লক্ষ্য সামনে নিয়ে ছুটছেন বিরাট কোহলি। ‘উসাইন বোল্টে’র গতিতে একের পর এক রেকর্ড, মাইলফলক পেরিয়েও যাচ্ছেন। টেন্ডুলকার-উত্তর সময়ে ভারতীয় ব্যাটিংয়ের নিউক্লিয়াস হয়ে উঠেছেন এই ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। সেই ‘গুরু’র সামনেই এবার দুর্দান্ত ব্যাটিং করতে পেরে বেশ উচ্ছ্বসিত কোহলি।
গত পরশু ভারত-পাকিস্তান ম্যাচে ইডেন গার্ডেনের গ্যালারিতে ছিলেন টেন্ডুলকার। আর মাঠে টেন্ডুলকারকে মনে করিয়ে দেওয়া ইনিংস খেলে ভারতকে জেতালেন কোহলি। ইডেনের বদলে যাওয়া পিচে যেখানে দুই দলের অন্যসব ব্যাটসম্যানের ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা, কোহলি সেখানে সহজ-সাবলীল, একই দ্যুতিতে উজ্জ্বল। ৩৭ বলে ৫৫ রানের ইনিংসটিতে ফিফটি পাওয়ার পরই গ্যালারিতে টেন্ডুলকারকে কুর্নিশ করেছিলেন। ম্যাচের পরও জানালেন, অনেক দিন একই দলে খেলেও, এত দিন হয়ে যাওয়ার পরও, টেন্ডুলকার-ভক্তি তাঁর একরত্তিও কমেনি।
বিসিসিআই টিভিকে কোহলি বলেছেন, ‘অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। শচীন টেন্ডুলকার মাঠে ছিলেন। অনেক বছর ধরেই শচীন ভাইকে ভারতের হয়ে এমন করতে দেখেছি। দেখেছি তাঁর জন্য দর্শকদের কতটা উচ্ছ্বাস। সেই তাঁর সামনেই কিছু করার সুযোগ পেলাম, তিনি উদ্যাপনও করছিলেন!’ কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সেটিও বলেছেন, ‘ছোটবেলা থেকে তাঁকে খেলতে দেখেই বড় হয়েছি। তাঁর সামনেই এমন ব্যাটিং করতে পারায় অনেক খুশি। এর জন্য আমি অনেক কৃতজ্ঞ। অনেক আবেগময় একটা মুহূর্ত ছিল।’ হিন্দুস্তান টাইমস।