টেন্ডুলকারকে চটাতে চান না তোতসবে
ডেল স্টেইন, মরনে মরকেলের দুর্ধর্ষ পেস আক্রমণে নতুন মাত্রা যোগ করেছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ফাস্ট বোলার লনোয়াবো তোতসবে। গতকাল ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৩৫ রানের বিশাল ব্যবধানে জয়ের মূল নায়কও তিনি। স্টেইন, মরকেলের সঙ্গে তোতসবের অসাধারণ বোলিংয়েই ভারতের মতো ব্যাটিং শক্তিমত্তার একটা দলকে তারা গুটিয়ে দিতে পেরেছে মাত্র ১৫৪ রানে। মাত্র ৩১ রানের বিনিময়ে তোতসবে তুলে নিয়েছেন চারটি উইকেট। যার মধ্যে আছে লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের উইকেটটিও।ক্যারিয়ারে প্রথম বারের মতো এ সময়ের সেরা ব্যাটসম্যানকে আউট করতে পেরে খুবই খুশি তোতসবে। কিন্তু এ নিয়ে খুব বেশি কথাবার্তা বলে শচীনকে কোনক্রমেই চটাতে চান না তিনি। কারণ এখনো বাকি চারটা ম্যাচে টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক, এই ব্যাটিং আইকনের মুখোমুখি হতে হবে তোতসবের। আর তিনি খুব ভালোমতোই জানেন, টেন্ডুলকারের রুদ্রমূর্তি কতোটা ভয়ঙ্কর। গতকাল ম্যাচসেরার পুরস্কার নেওয়ার পর তোতসবে সাংবাদিকদের বলেছেন, ‘আমি আজ একটা বড় উইকেট পেয়েছি। আমি সেজন্য খুবই খুশি। কিন্তু আমি আর নতুন করে এ নিয়ে কোন কথা বলব না। কারণ আমি তাঁকে একেবারেই চটাতে চাই না।’ টাইমস নিউজ নেটওয়ার্ক