টেন্ডুলকারকে চ্যাপেলের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাবরই তিনি সাহসী বক্তা। প্রমাণটা ইয়ান চ্যাপেল দিলেন আরেকবার। অনেকেরই মনের কথাটা উঠে এল অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের কণ্ঠে। শচীন টেন্ডুলকারকে আয়নার সামনে দাঁড়াতে বলেছেন চ্যাপেল। নিজের মনের কাছে জিজ্ঞাসা করতে বলেছেন, এখনো ক্রিকেট খেলে যাচ্ছেন দলের জন্য, নাকি স্রেফ নিজের শততম সেঞ্চুরির জন্য!টেন্ডুলকারের বহু আলোচিত শততম সেঞ্চুরির প্রতীক্ষা আরও দীর্ঘায়িত হয়েছে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সফরে। ৪ টেস্টের ৮ ইনিংস ও সিবি সিরিজের ৭ ইনিংস—মোট ১৫ ইনিংসেও দেখা মেলেনি কাঙ্ক্ষিত সেই শতকের। বছর দুয়েক ধরেই বেছে বেছে ওয়ানডে খেলা টেন্ডুলকার সিবি সিরিজের পর খেলতে আসছেন এশিয়া কাপেও। অনেকের ধারণা, শততম সেঞ্চুরির বোঝাটা কাঁধ থেকে নামাতেই ঢাকায় আসছেন। দ্য ডেইলি টেলিগ্রাফে লেখা কলামে চ্যাপেল অন্তর্বীক্ষণিক হওয়ার পরামর্শ নিয়েছেন টেন্ডুলকারকে, ‘শচীন টেন্ডুলকারের জন্য যেটা হতে পারত অস্ট্রেলিয়ায় গৌরবময় এক বিদায়ী সফর, সেটা হয়ে গেল বারবার সুযোগ হারানোর এক ধারাবাহিক আখ্যান, যা শুধু হতাশাই বাড়িয়েছে। টেন্ডুলকারের মতো একজন তারকা নিজের ব্যর্থতার জন্য অন্যদের দায় দেখার চেয়ে বরং তার সময় হয়েছে নিজেকে জিজ্ঞাসা করা, ‘‘খেলাটা কি আমি সঠিক কারণে খেলছি”?’চ্যাপেলের মতে, টেন্ডুলকারের শততম সেঞ্চুরির আকাঙ্ক্ষা আখেরে দলকে ভুগিয়েছে, ‘কেউ যদি নিজের সর্বোচ্চটা ঢেলে দেওয়ার পরও দল হারে, তাহলে লজ্জার কিছু নেই। কিন্তু ব্যক্তিগত কোনো লক্ষ্য বা পরিসংখ্যান যদি দলের ফলাফলকে আড়াল করে ফেলে, তাহলে তো বড় সমস্যা। টেন্ডুলকারের শততম সেঞ্চুরির তাড়না পুরো দলের জন্যই বড় একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, পুরো গ্রীষ্মেই এটা ছিল ভারতের বড় এক মানসিক বাধা।’অস্ট্রেলিয়াকে ৩০ টেস্টে নেতৃত্ব দেওয়া সাবেক ব্যাটসম্যানের মতে, শততম সেঞ্চুরি যে টেন্ডুলকারের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে, এটার প্রমাণ মিলেছে ব্যাটিংয়েই, ‘পুরো ব্যাপারের মধ্যে সবচেয়ে অদ্ভুত হলো, টেন্ডুলকার সফর শুরু করেছিল দারুণভাবে। মেলবোর্ন ও সিডনিতে যখন শট খেলছিল, তখন কিন্তু ওকে দারুণ মনে হয়েছে। কিন্তু যখনই খেলায় কোনো বিরতি পড়েছে কিংবা সেঞ্চুরির কাছাকাছি গিয়েছে, তখনই যেন কেমন চুপসে গেছে। শট খেলার সময় ওকে সেই পুরোনো টেন্ডুলকারের মতোই মনে হয়েছে। কিন্তু রক্ষণাত্মক ব্যাট করলেই মনে হয়েছে নড়বড়ে।’ ওয়েবসাইট।