টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন কোহলি!

শচীন টেন্ডুলকারকে কি ছাড়িয়েই যাবেন বিরাট কোহলি? সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের পাশে কোহলিকে এখনই দাঁড় করিয়ে দেওয়াটা একটু বাড়াবাড়িই মনে হতে পারে। কিন্তু মাত্র ২৪ বছর বয়সী কোহলি ব্যাট হাতে যেভাবে একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে চলেছেন, তাতে প্রশ্নটা উড়িয়েও দেওয়া যাচ্ছে না। অন্তত ওয়ানডে ক্রিকেটে টেন্ডুলকারকে পেছনে ফেলে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বনে যেতেই পারেন কোহলি।
ওয়ানডেতে ১৫টি সেঞ্চুরির দেখা পেতে শচীন টেন্ডুলকারকে খেলতে হয়েছিল ১৮২টি ইনিংস। বিরাট কোহলি সেটা করলেন মাত্র ১০৬ ইনিংসে। গড়লেন সবচেয়ে কম ইনিংস খেলে ১৫টি সেঞ্চুরি করার নতুন রেকর্ড। এর আগে রেকর্ডটি ছিল সাঈদ আনোয়ারের দখলে। পাকিস্তানের সাবেক এই ওপেনার ১৫টি সেঞ্চুরির মাইলফলকে পৌঁছাতে খেলেছিলেন ১৪৩টি ইনিংস। সৌরভ গাঙ্গুলীর লেগেছিল ১৪৪ ইনিংস। এই আধুনিককালের কিংবদন্তিদের তুলনায় ওয়ানডেতে কোহলির সেঞ্চুরি তুলে নেওয়ার হার দেখলে সত্যিই চমকে যেতে হয়। এই ধারা ধরে রাখলে একদিন হয়তো টেন্ডুলকারের ৪৯টি ওয়ানডে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড পেরিয়ে যাবেন, তা নিয়ে প্রশ্ন ওঠে না। প্রশ্ন কেবল এক জায়গায়—এই ধারা ধরে রাখতে পারবেন তো ভারতের আগামীর অধিনায়ক? ক্রিকেটীয় আপ্তবাক্যেই তো আছে—ফর্ম ইজ টেম্পরারির...।
টেন্ডুলকারের পাশে বসার জন্য দীর্ঘ একটা পথই পাড়ি দিতে হবে এই ডানহাতি ব্যাটসম্যানকে। দুজনের মধ্যে এখনো ৩৪টি সেঞ্চুরির ব্যবধান। তবে কোহলির জন্য যে এটা অসম্ভব না, সেই ইঙ্গিতটা বেশ ভালোমতোই পেয়েছে ক্রিকেট বিশ্ব। ব্যাটিং গড়ের দিক দিয়েও এই মুহূর্তে টেন্ডুলকারের চেয়ে এগিয়ে আছেন কোহলি। ৪৪.৮৩ গড়ে ১৮ হাজার ৪২৬ রান করে ওয়ানডে ক্যারিয়ারের অবসান ঘটিয়েছেন লিটল মাস্টার। অন্যদিকে ১০৬ ইনিংসের পরও এখন কোহলির গড় ৪৯.৩৭! ওয়ানডে পারফরম্যান্সের এই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারলে একদিন টেন্ডুলকারের দুর্ভেদ্য দুর্গেও হানা দিয়ে বসতে পারেন কোহলি।
তবে শুধু ব্যাটিংই না, কোহলিকে আগামীতে সামলাতে হবে অধিনায়কত্বের চাপও। মহেন্দ্র সিং ধোনির পর তাঁকেই বিবেচনা করা হচ্ছে ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে। এখন যেন চলছে সেটারই প্রস্তুতিপর্ব। জিম্বাবুয়ে সফরে ভারতের তরুণ দলটির নেতৃত্বের ভার দেওয়া হয়েছে তাঁর কাঁধে।
গতকাল প্রথম ওয়ানডেতে নিজের যোগ্যতাটাও বেশ ভালোভাবেই প্রমাণ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। দলকে নেতৃত্ব দিয়েছেন একেবারে সামনে থেকে। মাত্র ৫৭ রানেই দুই উইকেট পতনের পর আম্বাতি রাইডুকে সঙ্গে নিয়ে গড়েছেন ১৫৯ রানের ম্যাচ জেতানো জুটি। কোহলি নিজে খেলেছেন ১০৮ বলে ১১৫ রানের অধিনায়কোচিত ইনিংস। ভারত পেয়েছে ৬ উইকেটের সহজ জয়। সব মিলিয়ে ম্যাচ শেষে বেশ সন্তুষ্টই মনে হলো কোহলিকে, ‘জয় দিয়ে সফর শুরু করতে পারলে সব সময়ই ভালো লাগে। আর আমি নিজে যেভাবে খেলেছি, সেটাতেও আমি খুশি।’