টেন্ডুলকারকে ঠেকাতে মাঠে গ্রেগ
শচীন ঠেকাও! বলা বাহুল্য, এটাই হবে অস্ট্রেলিয়ার মূল মিশন। ক্যারিয়ারের এই শেষ প্রান্তে পৌঁছেও ফর্মের তুঙ্গে থাকা শচীন টেন্ডুলকারই হবে অস্ট্রেলিয়ার বড় মাথাব্যথা। রেকর্ডও বলছে, অস্ট্রেলিয়ার মাটিতে টেন্ডুলকারের পারফরম্যান্সও দুর্দান্ত। সর্বশেষ দুটি সফরেই অস্ট্রেলিয়ায় সত্তরের ওপর গড়ে রান করেছেন টেন্ডুলকার!ডেইলি টেলিগ্রাফ-এর খবর বলছে, টেন্ডুলকারকে ঠেকাতে অস্ত্র হিসেবে ‘গুরু গ্রেগ’কে মাঠে নামাচ্ছে অস্ট্রেলিয়া। বক্সিং ডে টেস্ট শুরুর আগে টেন্ডুলকারকে ঠেকানোর দাওয়াই দেবেন গ্রেগ চ্যাপেল। মাইকেল ক্লার্কের দলের সঙ্গে বিশেষ বৈঠকে বসছেন ভারতের সাবেক কোচ।টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘আগামী সপ্তাহে প্রথম টেস্টের আগে চ্যাপেল অস্ট্রেলিয়া দলের সঙ্গে কথা বলবেন। চ্যাম্পিয়নের (টেন্ডুলকার) রহস্য ভেদ করার মতো জ্ঞান তাঁরই আছে, যে রহস্য অস্ট্রেলিয়া এর আগে ফাঁস করতে পারেনি। অস্ট্রেলীয় বোলারদের ওপর সব সময় ছড়ি ঘুরিয়েছেন টেন্ডুলকার। অস্ট্রেলীয় বোলাররা কখনোই পাত্তা পায়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে টেন্ডুলকারের রেকর্ডও দারুণ। ৩১ টেস্টে ৬০.৬ গড়ে করেছেন ১১ সেঞ্চুরি। এই রেকর্ডের কারণে তাঁর প্রজন্মের মধ্যে টেন্ডুলকারই সবচেয়ে বেশি সংহার করেছেন অস্ট্রেলীয় বোলিং আক্রমণকে।’ভারতের কোচ থাকার সময় সৌরভ গাঙ্গুলীর সঙ্গে চ্যাপেলের বিরোধ ছিল খুব আলোচিত। একসময় টেন্ডুলকারের সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছিল তাঁর। পরে অবশ্য সংবাদমাধ্যমে টেন্ডুলকারের কাছে এ জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু সাম্প্রতিক আত্মজীবনী ফিয়ার্স ফোকাস-এ চ্যাপেল আবারও টেন্ডুলকারকে নিয়ে স্পর্শকাতর কিছু মন্তব্য করেছেন।জবাবটা টেন্ডুলকার নিশ্চয়ই মাঠেই দেবেন! ওয়েবসাইট।