টেন্ডুলকারকে দেখে শিখতে বললেন মিয়াঁদাদ
চাইলে নিজের কথাও বলতে পারতেন। দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে জাভেদ মিয়াঁদাদের অর্জন তো কম নয়। কিন্তু উদাহরণই যখন দেবেন, তখন সবচেয়ে সেরার উদাহরণ দেওয়াই ভালো! পাকিস্তানি কিংবদন্তি তাই উত্তরসূরিদের বলেছেন শচীন টেন্ডুলকারকে দেখে শিখতে। মুখে কথার তুবড়ি না ছুটিয়ে মাঠে পারফর্ম করে দেখাতে।সম্পর্কের অনেক টানাপোড়েন, অভিমান-ক্ষোভ পেছনে ফেলে মিয়াঁদাদ আবার কাজ করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। বিভিন্ন সংবাদমাধ্যমে জাতীয় দলের ক্রিকেটারদের বড় বড় কথায় যারপরনাই বিরক্ত পিসিবির মহাপরিচালক। ক্রিকেটারদের তাই বলেছেন আসল কাজে মন দিতে, ‘আমরা শুনেই যাচ্ছি এবং পড়েই যাচ্ছি, কয়েকজন ক্রিকেটার সমানে বলে যাচ্ছে তারা এ-ই করতে চায়, সে-ই করতে চায়। কিন্তু মাঠে এর প্রমাণ মিলছে না। জাতির জন্য এটা খুবই দুঃখজনক। তাদের উচিত খেলায় মন দেওয়া এবং পারফরম্যান্সে উন্নতি করা। তাদের বোঝা উচিত ক্রিকেট খেলাটা মাঠে হয়, মুখের কথায় নয়।’পাকিস্তানের সর্বোচ্চ টেস্ট রানের মালিক এখানেই উদাহরণ হিসেবে এনেছেন টেন্ডুলকারকে, ‘শচীনকে দেখে তারা শিখতে পারে। অসাধারণ এক ক্যারিয়ার, এখনো সেঞ্চুরির পর সেঞ্চুরি করে যাচ্ছে। কিন্তু কোনো দিন নিজেকে নিয়ে বড়াই করেনি। ও একজন খাঁটি পেশাদার।’মিয়াঁদাদের ‘নজর কেড়েছেন’ শহীদ আফ্রিদিও। পাকিস্তানের ওয়ানডে অধিনায়কের দায়িত্বজ্ঞানহীন খেলায় চরম হতাশ সাবেক অধিনায়ক। বিশ্বকাপ সামনে রেখে এখানেও উদাহরণ টেনেছেন একজনকে, ‘আফ্রিদি যেভাবে খেলছে, সেটা চলতে পারে না। একজন অধিনায়কের কীভাবে পারফর্ম করা উচিত, ইমরান খান এর আদর্শ উদাহরণ। ১৯৯২ বিশ্বকাপে ইমরান দলকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। আফ্রিদিরও উচিত নিজে পারফর্ম করে দলকে অনুপ্রাণিত করা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সে এটা করতে পেরেছিল। কাজেই ওর প্রতিভা ও সামর্থ্য নিয়ে সংশয় নেই। কিন্তু মাঝেমধ্যে ও প্রতিভার প্রতি সুবিচার করে না।’বিশ্বকাপে ভালো করতে না পারলে যে আফ্রিদি ও দলের ওপর লোকে প্রচণ্ড ক্ষুব্ধ হবে, এটাও মনে করিয়ে দিয়েছেন মিয়াঁদাদ। এটা অবশ্য মনে না করিয়ে দিলেও চলত। ১৯৯৬, ২০০৩ কিংবা গত বিশ্বকাপ-পরবর্তী ঘটনাক্রম থেকেই ক্রিকেটারদের জানা থাকার কথা, পাকিস্তানের ‘ক্রিকেটপ্রেমীরা’ কতটা ভয়ংকর হতে পারে! ওয়েবসাইট।