টেন্ডুলকারকে নিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার অবসর নেওয়ার আগে এই গুঞ্জন থামার নয়! টেন্ডুলকার নিজে বলেছেন, অবসর নিয়ে ভাবছেন না। কিন্তু সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক খবর গুঞ্জনটিকে আরও উসকে দিয়েছে।
ভারতের প্রধান নির্বাচক সন্দীপ পাতিল নাকি ভবিষ্যৎ নিয়ে টেন্ডুলকারের সঙ্গে কথা বলেছেন। টেন্ডুলকার যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০তম টেস্ট খেলার পরও ভবিষ্যৎ নিয়ে না ভাবেন, তো নির্বাচকেরাই তাঁর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন! নির্বাচক কমিটির এক সদস্যই নাকি এটা বলেছেন। এতেই ভারতজুড়ে তোলপাড়। কিন্তু সন্দীপ পাতিল এবং বিসিসিআই খবরটিকে ‘অসত্য’ বলে উড়িয়ে দিয়েছে।
বিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজীব শুক্লা বলেছেন, ‘প্রতিবেদনটিতে এতটুকু সত্যতা নেই। আমরা টেন্ডুলকার ও পাতিল দুজনের সঙ্গেই কথা বলেছি। কোথাও তাঁদের কোনো রকম কথা হয়নি।’ পাতিলের কথা, ‘শচীনের সঙ্গে দেখা করাটা সব সময়ই আনন্দের। কিন্তু গত ১০ মাসে আমি তার সঙ্গে দেখা করিনি। আমি তাকে ফোন করিনি, সেও আমাকে ফোন করেনি। কোনো কিছু নিয়ে আলোচনার প্রশ্নই আসে না।’
ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টেন্ডুলকার ২০০তম টেস্ট খেলার অনন্য কীর্তিটি যাতে দেশের মাটিতে গড়তে পারেন, সে জন্য দক্ষিণ আফ্রিকা সফর অনিশ্চিত করে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ডেকে আনছে নিজেদের মাঠে।
টেন্ডুলকারের ২০০তম টেস্টটা ঘরের মাঠে আয়োজনের তোড়জোড়ই উসকে দেয় গুঞ্জন। স্বয়ং টেন্ডুলকার ‘এত তাড়াহুড়ো নেই’ বললেও গুঞ্জনটি নিজস্ব গতিতেই চলছে! এরই মধ্যে এক নির্বাচককে উদ্ধৃত করে খবর হয়, ‘পাতিল টেন্ডুলকারের সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে ভবিষ্যতের পুরো ছবিটা অনুধাবন করতে বলেছেন। এমনকি তিনি (পাতিল) তাঁকে (শচীন) নির্বাচকদের আগামী এক বছরের পরিকল্পনাও জানিয়ে দিয়েছেন, কীভাবে দলে আরও বেশি তরুণ খেলোয়াড় আনা যায়, তাঁরা সেদিকেই তাকিয়ে।’ ওই নির্বাচকেরই দাবি, ‘আমরা একঝাঁক তরুণ ক্রিকেটার পেয়েছি, প্রত্যেকেই ভালো করছে। টেন্ডুলকারকে নিয়ে কারও প্রশ্ন নেই। সে যা করেছে, সত্যিই অবিশ্বাস্য। কিন্তু আমাদের ভবিষ্যতের দিকেও তাকাতে হবে।’ ওয়েবসাইট।