টেন্ডুলকারকে নিয়ে আকরাম-গুচ
ক্রিকেট থেকে শচীন টেন্ডুলকারের আর কী পাওয়ার আছে? ক্রিকেট খেলে সম্ভাব্য সব অর্জনই হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক এই ব্যাটসম্যানের। কোনো অতৃপ্তি তো থাকার কথা নয়। তাই এখনই সময়, অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার। সাধারণ কেউ নন, টেন্ডুলকারকে নিয়ে এমনটাই ভাবছেন পাকিস্তানের পেস বোলিং কিংবদন্তি ওয়াসিম আকরাম।ইএসপিএনস্টার ওয়েবসাইটকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারেই টেন্ডুলকার সম্পর্কে নিজের মনের কথা খুলে বলেছেন আকরাম। এখন ধারাভাষ্যে ব্যস্ত আকরাম মনে করেন পারফর্ম করতে না পারায় টেন্ডুলকারের ওপর চাপটা ক্রমেই বাড়ছিল, তার ওপর ইংল্যান্ডের কাছে ভারতের টানা দুটি টেস্ট ম্যাচে পরাজয় ‘লিটল মাস্টারের’ জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। খারাপ ফর্মের দায় নিয়ে রিকি পন্টিংয়ের অবসর নেওয়াটাও টেন্ডুলকারের ওপর চাপ বাড়িয়েছে উল্লেখ করে আকরাম বলেছেন, ‘যখন আপনার সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান বছর দুয়েকের মধ্যে কোনো টেস্ট সেঞ্চুরি পাবে না, প্রশ্ন তো উঠবেই।’ভারতীয় নির্বাচকেরা কেন টেন্ডুলকারকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জিজ্ঞেস করছে না? তাঁরা কি কুণ্ঠিত? আকরাম ভাবছেন, ব্যাপারটা সংবেদনশীল বলে সিদ্ধান্ত নিতে হবে টেন্ডুলকারকেই, ‘শেষ পর্যন্ত পন্টিংয়ের মতো নিজের মূল্যায়ন নিজেকেই করতে হবে।’কারণ টেন্ডুলকারকে তো কেউ বলতে পারেন না অনেক হয়েছে এবার বিদায় হোন, ‘প্রশ্নটা হলো বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? প্রশ্নটা তুলবে কে? আজকে অনেক সাবেক ক্রিকেটারই প্রকাশ্যে ধোনির মাথা চাচ্ছেন। আপনি কি একই কাজ টেন্ডুলকারকে নিয়ে করতে পারবেন? সৌরভ গাঙ্গুলীর মতো অনেকেই মনে করছেন তাঁর অবসর নেওয়া উচিত। তবে শচীন নিজে বোধ হয় আরও মাস ছয়েক চালিয়ে যেতে চায়। শচীনের মতো কিংবদন্তিকে উপদেশ দেওয়াটা খুবই কঠিন।’টেন্ডুলকারের ভবিষ্যতের ব্যাপারে টেন্ডুলকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলার পরও আকরাম বললেন, ‘আমি যদি তাঁর জায়গায় থাকতাম এখনই সরে দাঁড়াতাম, কারণ আর কী পাওয়ার আছে!’এদিকে ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহাম গুচ মনে করছেন টেন্ডুলকার শিগগিরই রানের ধারায় ফিরবেন। বয়স ৪০ ছাড়িয়ে যাওয়ার পরও টেস্ট খেলা গুচ নিজের অভিজ্ঞতা থেকেই বললেন, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রিফ্লেক্সটা কমে যায়। তখন সাফল্যের রেসিপিটাও বদলে যায়। শচীনের বয়স ৩৯ এবং বলা হচ্ছে সে সেরা সময়টা পেছনে ফেলে এসেছে। তবে আমি নিশ্চিত, সে রানে ফেরার কোনো না কোনো উপায় খুঁজে বের করবেই।’ ওয়েবসাইট।