টেন্ডুলকারকে নিয়ে ভাবতেই হচ্ছে কুকদের
ভারতে পা রাখার পর থেকেই কথাটা বলে আসছিলেন। রঞ্জিতে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির পর অ্যালিস্টার কুক বললেন আবারও, ‘ওকে বাতিলের খাতায় ফেলার ভুল আমরা কখনোই করব না।’টেস্টে গত ২৫ ইনিংসে সেঞ্চুরি নেই ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি সেঞ্চুরি আর রানের মালিকের। এটাও বড় কথা নয়! টেন্ডুলকারের অবসর নেওয়ার সময় ঘনিয়ে এল কি না—বহুবার উঠে আসা এই প্রশ্ন আরেকবার উঠেছে নিউজিল্যান্ডের বিপক্ষে গত হোম সিরিজে তাঁর আউট হওয়ার ধরনে। সর্বশেষ তিন ইনিংসে টেন্ডুলকারের স্টাম্প উপড়ে ফেলেছেন কিউই বোলাররা। নিজের দুর্গ এতটা অরক্ষিত খুব কম সময়ই রেখেছেন লিটল মাস্টার। টেস্টে টেন্ডুলকার সবচেয়ে বেশিবার আউট হয়েছেন ক্যাচের শিকার হয়ে (১২৩ বার ফিল্ডারদের হাতে ও ৪০ বার উইকেটরক্ষকের গ্লাভসে)। এলবিডব্লুর ফাঁদে পড়েছেন ৫৯ বার। বোল্ড হয়েছেন ৫১ বার। টানা তিন ইনিংসে বোল্ড হয়েছিলেন এর আগে একবারই, ২০০২ ইংল্যান্ড সফরে। সেই ইংল্যান্ডেরই মুখোমুখি তিনি আরেকবার।রঞ্জিতে দুর্দান্ত সেঞ্চুরি করে আপাতত নিন্দুকদের মুখে কুলুপ এঁটে দেওয়া টেন্ডুলকারকে নিয়ে প্রশ্ন তোলার বোকামি করতে রাজি নন কুক। অ্যান্ড্রু স্ট্রাউসের উত্তরসূরি হিসেবে ইংলিশ অধিনায়কের দায়িত্ব বুঝে নেওয়া কুক বলছেন, ‘আমরা অবশ্যই ওকে বাতিলের খাতায় ফেলছি না।’ ওয়েবসাইট।