টেন্ডুলকারকে নিয়ে ভারতের শঙ্কা
এই ম্যাচেই গড়েছেন সবচেয়ে বেশি ওয়ানডে ইনিংস খেলার রেকর্ড। কিন্তু ৭৮ মিনিটের ইনিংসটার প্রায় পুরোটা জুড়েই কেমন যেন অস্বস্তিতে ছিলেন শচীন টেন্ডুলকার। ৪৪ বলে ২৪ রানের ইনিংসের পর ফিল্ডিংয়েও নামেননি। ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনি জানালেন, হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে দেশে ফিরে যাচ্ছেন টেন্ডুলকার। চোটটা কোথায় বা কখন পেলেন নিশ্চিত হওয়া যায়নি। তবে গত ম্যাচে ব্যাটিংয়র সময়ও ফিজিওর সেবা নিতে হয়েছে টেন্ডুলকারকে। গুরুতর কিছু নয়, তার পরও দলের সেরা ব্যাটসম্যানের চোট বিশ্বকাপের আগে শিরোপাপ্রত্যাশী দলটির জন্য বড় একটা ধাক্কাই। তবে বিশ্বকাপের চিন্তা তো পরে, এই সিরিজেও গভীর সমস্যায় পড়ে গেল ভারত। চোটের কারণে শেবাগ-গম্ভীর তো আগে থেকেই নেই, টেন্ডুলকার চলে যাওয়ায় দলে এখন ওপেনার কেবল মুরালি বিজয়। বিজয়ও আবার ফর্মে নেই। আগামী ম্যাচের দল দাঁড় করানো নিয়েই তাই ঝামেলায় ভারত। টেন্ডুলকারের বদলি হিসেবে পার্থিব প্যাটেলকে পাঠানো হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। তবে কবে নাগাদ তিনি দক্ষিণ আফ্রিকা গিয়ে পৌঁছবেন, সেটা নিশ্চিত নয়। ওয়েবসাইট।