শচীন টেন্ডুলকার খেলা না ছাড়তেই তাঁর কোনো রেকর্ড ভাঙা চাট্টিখানি কথা নয়। কাল টেন্ডুলকারের চোখের সামনেই এমন এক কীর্তি গড়লেন কুমার সাঙ্গাকারা। ভেঙেছেন টেস্টে দ্রুততম ৮ হাজার রানের টেন্ডুলকারের রেকর্ড। ১৫২ ইনিংসে ৮ হাজার রানের মাইলফলক ছুঁলেন শ্রীলঙ্কান অধিনায়ক। ৮ হাজার রান করতে দুটি ইনিংস বেশি খেলেছিলেন টেন্ডুলকার, এই মাইলফলক ছুঁয়েছিলেন ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকায়। টেন্ডুলকারের আগে রেকর্ডটি ছিল আরেক গ্রেটের। ১৫৭ ইনিংসে ৮ হাজার রান করেছিলেন সর্বকালের সেরা অলরাউন্ডার বলে বিবেচিত গ্যারি সোবার্স। টেন্ডুলকারের মতো স্যার গ্যারিও মাইলফলক ছুঁয়েছিলেন জ্যামাইকায়, ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে। সময়ের হিসাবের রেকর্ডটি অবশ্য ভাঙতে পারেননি সাঙ্গাকারা, যে রেকর্ডের মালিক রাহুল দ্রাবিড়। ৯ বছর ১৭৩ দিনে টেস্টে ৮ হাজার রান করেছিলেন দ্রাবিড়, ১০ বছর ১৬ দিনে করে সাঙ্গাকারা ঠিক দ্রাবিড়ের পরেই। ১০ বছর ২৫ দিনে ৮ হাজার রান করে তিনে আছেন রিকি পন্টিং।