টেন্ডুলকারকে ফুটবল শেখাতে চান সৌরভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট নয়, এবার টেন্ডুলকার-সৌরভ লড়বেন ফুটবলে।
ক্রিকেট নয়, এবার টেন্ডুলকার-সৌরভ লড়বেন ফুটবলে।

এক সময় ২২ গজে উদ্বোধনী জুটিতে দুজন প্রতিপক্ষের বোলারদের শাসন করেছেন প্রবল বিক্রমে। কিন্তু এখন একে অপরের প্রতিপক্ষ। ভারতে ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক ফুটবল লিগে শচীন টেন্ডুলকার পেয়েছেন কোচির মালিকানা, সৌরভ গাঙ্গুলী গাঁটছড়া বেঁধেছেন কলকাতার সঙ্গে। মাঠের প্রতিদ্বন্দ্বিতার আগেই টেন্ডুলকারের ফুটবলজ্ঞান নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ। এতে অবশ্য টেন্ডুলকারের ঘাবড়ানোর কিছু নেই। কেননা, তাঁকে ফুটবল শেখানোর দায়িত্ব নিজ কাঁধেই তুলে নিয়েছেন সৌরভ!
‘লিটল জিনিয়াসে’র কাছে ক্রিকেট হাতের তালুর মতোই চেনা। কিন্তু ফুটবল? অনুশীলন বাদে ফুটবলকে কখনো লাথি মেরেছেন কি না, কে জানে! তাই টেন্ডুলকারের ফুটবলজ্ঞান নিয়ে সৌরভের প্রশ্ন তোলা কিন্তু মোটেও অমূলক নয়। এ ব্যাপারে সৌরভের সরস মন্তব্য, ‘তাকে আমার ফুটবল শেখাতে হবে। সে ভালো ফুটবল খেলতে পারে না। ব্যাট দিয়ে যেভাবে বল নিয়ন্ত্রণে পটু, ঠিক ততটাই ফুটবলে অজ্ঞ। কলকাতা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে লড়তে হলে এখন তাকে ফুটবলের খুঁটিনাটি বিষয়গুলো বুঝতে হবে।’
প্রশ্ন হতে পারে, তবে কি সৌরভ ফুটবলবিজ্ঞ? ভারতীয় ক্রিকেট দলের এ সাবেক অধিনায়ক কিন্তু কলেজ পর্যন্ত ফুটবল খেলেছেন। ক্রিকেটে থিতু হওয়ার আগে ফুটবলার হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন সৌরভ। ফলে তাঁর ফুটবলজ্ঞান নিয়ে প্রশ্ন তোলার অবকাশ সামান্যই। কৌতুকের সুরে সৌরভ টেন্ডুলকারের ফুটবল-জ্ঞান নিয়ে বললেন, ‘জানি না সে দ্রুত ফুটবল শিখতে পারবে কি না। বোধ করি, ফুটবল শিখতে সে অন্তত ১৫ বছর সময় পাবে না। কারণ, ১৫ বছর পর টেন্ডুলকারকে মাঠে না-ও দেখা যেতে পারে। তাকে অনুরোধ করব, দ্রুত খেলাটা শিখে নিতে।’ সৌরভ কেন ‘১৫ বছর’ বলছেন? কারণ তো আছেই। একসঙ্গে ১৫ বছর খেলেও টেন্ডুলকারকে বাংলা ভাষাটা শেখাতে পারেননি সৌরভ। এখন ভাষা শিক্ষার মতো ফুটবলেও যদি লিটল জিনিয়াসের ১৫ বছর লেগে যায়, তবে মুশকিলই বটে! ওয়েবসাইট।