টেন্ডুলকারকে বিশ্বকাপ উপহার দিতে চান হরভজন
শুধু ক্রিকেটই না, সামগ্রিক ক্রীড়াজগতেই একটা বিস্ময়ে পরিণত হয়েছেন শচীন টেন্ডুলকার। সেটা শুধু তাঁর অসাধারণ পারফরমেন্সের জন্যই না, বরং ২০ বছর ধরে ভারতের এই ব্যাটিং আইকন যেভাবে নিয়মিত খেলে যাচ্ছেন, তাতে হরহামেশাই অবাক হয়ে যেতে হয়। মাঝেমধ্যেই তাঁর অবসর নিয়ে কথাবার্তা উঠলেও নতুন দাপটে নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে লিটল মাস্টার জানিয়ে দেন, তিনি এখনো বুড়ো হয়ে যাননি। শেষ পর্যন্ত কবে তিনি ক্রিকেটকে বিদায় বলবেন, সেই বিতর্কের মধ্যে না গেলেও এটা নিশ্চিত যে এবারের বিশ্বকাপটাই টেন্ডুলকারের শেষ বিশ্বকাপ। আর ক্রিকেটের সবচেয়ে বড় এ আসরটাই তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের একটা আক্ষেপের বিষয় হয়ে থেকে গেছে এখনো। ঘরের মাটিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের দশম আসরের শিরোপা জয়ের স্বাদটা নিতে পারলেই অপূর্ণতা বলতে আর কিছু থাকবে না টেন্ডুলকারের। আর ভারতীয় ক্রিকেটের অগ্রযাত্রায় লিটল মাস্টারের অসামান্য অবদানকে সম্মান জানাতে এই বিদায়ী বিশ্বকাপের শিরোপাটা টেন্ডুলকারকে উপহার হিসেবে দিতে চান হরভজন সিং।টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক বিশেষ সাক্ষাত্কারে হরভজন বলেছেন, ‘বিশ্বকাপ জয়টা শুধু শচীন, ধোনি বা আমার স্বপ্ন না। এটা গোটা জাতিরই স্বপ্ন। আমাদের বর্তমান দলে বেশ কয়েকজন ম্যাচ-জেতানো ক্রিকেটার আছে। এখন আমাদের শুধু মাথা ঠান্ডা রেখে কঠোর পরিশ্রম করে যেতে হবে। আর ভারতীয় ক্রিকেটে শচীনের অবদানের কথা নতুন করে বলার কিছু নেই। সুতরাং বিশ্বকাপ জেতাটা শুধু সবার স্বপ্ন পূরণই না, এটা আমরা টেন্ডুলকারকে উপহার হিসেবেই দিতে চাই।’আর এ স্বপ্ন পূরণ করতে গেলে উপমহাদেশের স্পিনার-বান্ধব উইকেটে এ সময়ের অন্যতম সেরা অফ স্পিনার হরভজনকেই পালন করতে হবে অগ্রণী ভূমিকা। দলের অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে কোনো চাপ বোধ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে ভাজ্জি বলেছেন, ‘না, আমি চাপ বোধ করছি না। তবে আমি কিছুটা উত্তেজিত। কারণ, দলের ও দেশের জন্য বিশ্বকাপ জেতার জন্য আমি উদগ্রীব হয়ে আছি। এটা আমার তৃতীয় বিশ্বকাপ। আমি জানি যে বিশ্বকাপে খেলাটা কত উত্তেজনাকর একটা বিষয়। সেটা কেউ এড়াতে পারবে না। তবে এ মুহূর্তে আমাদের শান্ত থাকতে হবে আর প্রতিটি খেলার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।’ভারতকেই এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করছেন অনেকেই। তার ওপর বিশ্বকাপটা দেশের মাটিতে হচ্ছে বলেই প্রত্যাশার চাপটা বহুগুণে বেড়ে গেছে। এ প্রত্যাশাটা খুব স্বাভাবিক বলেই মনে করেন হরভজন। আর ভারতীয় দল এ প্রত্যাশার প্রতিদান দেওয়ার জন্যও পুরোপুরি প্রস্তুত বলে দাবি করে তিনি বলেছেন, ‘এটা খুবই স্বাভাবিক যে দেশের মানুষ প্রত্যেক খেলাতেই আমাদেরকে জয়ী দেখতে চাইবে। আমাদেরও খেলার প্রতি পুরোপুরি মনোযোগী হতে হবে। শান্ত থাকতে হবে। আমার বিশ্বাস, যেকোনো সময়, যেকোনো প্রতিপক্ষকে হারানোর মতো ক্ষমতা আমাদের আছে।’