টেন্ডুলকারকে শুভকামনা ব্লেকের

তাঁর ভক্ত অগুনতি। তাঁর ভক্ত বিশ্বজোড়া। সেই ভক্তদের মধ্যে অনেকেই আবার অন্য ভুবনের তারকাও। এ রকমই একজন জ্যামাইকান গতিমানব ইয়োহান ব্লেক। শচীন টেন্ডুলকারের গুণমুগ্ধ তিনি। এতটাই যে লিটল মাস্টারের অবসরে তাঁর অন্যসব ভক্তের মতো তিনিও খুবই আবেগাপ্লুত।
একটু আশ্চর্যজনক হলেও সত্যি, জ্যামাইকান সতীর্থ উসাইন বোল্টের মতো ইয়োহান ব্লেকেরও ক্রিকেটের সঙ্গে বেশ পুরোনো যোগাযোগ। এর পেছনে ক্রিকেট ইতিহাসে ওয়েস্ট ইন্ডিয়ানদের সেই স্বর্ণযুগের ভূমিকা তো আছেই, আছে ব্লেকের কৈশোরের নায়ক টেন্ডুলকারের ভূমিকাও। ট্র্যাকে ব্যস্ত হয়ে যাওয়ার পর হয়তো মাঠে গিয়ে খেলা দেখা আর হয়ে ওঠে না, কিন্তু টেলিভিশনে টেন্ডুলকারের ব্যাটিং দেখার সুযোগ কখনো নষ্ট করেন না ব্লেক।
মাস্টার ব্লাস্টারের ব্যাটিংয়ের অনেকগুলো ডিভিডিও আছে তাঁর সংগ্রহে। স্বদেশি ক্রিকেটার বন্ধু ক্রিস গেইলের কাছ থেকে নিয়মিত খোঁজখবর নেন ক্রিকেটের এবং টেন্ডুলকারের। প্রিয় ব্যাটসম্যানের অবসরে তাই বিষাদের ছোঁয়া তাঁর মনেও, ‘যখন প্রথম শুনলাম তিনি অবসর নিয়েছেন, আমি নিজেকে বললাম, সব ভালো কিছুরই একটা শেষ আছে। তিনি যে এত কিছু করেছেন সেসব শুধু ভারতের জন্য নয়, সারা পৃথিবীর জন্য।’
সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেও যেভাবে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছেন টেন্ডুলকার, নিরহংকার থেকেছেন, সেটা বাকি সবার জন্য উদাহরণ হয়ে থাকবে বলেও মনে করেন ব্লেক, ‘তিনি সবার জন্য উদাহরণ রেখে যাচ্ছেন। এত বিনীত একজন! সারা পৃথিবীতে অসংখ্য মানুষের হূদয় স্পর্শ করেছেন। আশা করছি, পরের প্রজন্ম তাঁর পথ অনুসরণ করবে।’
লন্ডন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে রুপাজয়ী ব্লেক স্মৃতিচারণা করেছেন তাঁর সঙ্গে টেন্ডুলকারের প্রথম দেখারও, ‘তাঁর সঙ্গে প্রথম কথা বলার সুযোগ পাওয়ার দিনটার কথা মনে আছে। তাঁকে বলেছিলাম যে আমি ওকে বল করতে চাই। আমার জন্য সেটা ছিল খুব সম্মানের, কারণ, আসলেই তিনি আমার ছোটবেলার নায়ক।’ টেন্ডুলকার সারা জীবন তাঁর অনুপ্রেরণা হয়ে থাকবেন বলেও জানালেন ব্লেক। ওয়েবসাইট।