টেন্ডুলকারকে শুরুতেই থামাতে হবে
দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের পরাজয় ‘বি’ গ্রুপের সব হিসাব-নিকাশ শেষ করে দিয়েছে। আমরা কোয়ার্টার ফাইনালে উঠে গেছি। জানি, ক্রিকেট-পাগল বাংলাদেশের মানুষের জন্য এটা খুবই হতাশার। তবে এটাও দুর্ভাগ্যজনক যে, এ রকম পরিস্থিতিতে আমাদের পড়তে হয়েছিল।ভারতের ম্যাচটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ, বাস্তবিক পক্ষে ভারতের তেমন কোনো দুর্বলতা নেই। বেশ শক্তিশালী আর ভারসাম্যপূর্ণ একটি দল ভারত। বিশ্বমানের কিছু ব্যাটসম্যানের সঙ্গে জহির আর হরভজনের মতো বোলারও আছে তাদের।আর আমরা? ইংল্যান্ডের কাছে পরাজয় থেকে বড় শিক্ষা পেয়েছি। জয় পাওয়ার মতো দারুণ জায়গায় ছিলাম আমরা, কিন্তু একসঙ্গে কয়েকটি উইকেট হারিয়ে ফেলায় ১৮ রানে হারতে হয়েছে ম্যাচটি। এটা খুবই হতাশাজনক। বিশেষ করে, ভালো বল করে আমরা ওদের ২৪০-এর কাছে বেঁধে ফেললাম। ব্যাটিংয়ের শুরুটাও ভালো করলাম, তারপর হেরে গেলাম। আসলে চাপটা আমরা সামলাতে পারিনি এবং শেষের দিকে ছন্দটা হারিয়ে ফেলেছি।ভারতের বিপক্ষে আমাদের পরিকল্পনা? ফাঁস করে দেওয়ার প্রশ্নই আসে না! তবে একটা মৌলিক পরিকল্পনা তো থাকবেই। সেঞ্চুরির সেঞ্চুরি করার জন্য প্রস্তুত হয়ে আছে শচীন টেন্ডুলকার, একেবারে প্রথম বল থেকেই আমরা তাকে থামাতে চেষ্টা করব। আমরা কোনো সুযোগ দিতে পারি না এবং এও জানি, তারাও আমাদের হালকাভাবে নিচ্ছে না। ভারতীয় সমর্থকে গ্যালারি টইটম্বুর থাকবে। এটা তাদের বড় সুবিধা। কন্ডিশন, মাঠ ও উইকেট—সব তাদের পরিচিত। তাই সব মিলিয়ে ভারতই থাকবে সুবিধাজনক অবস্থায়।আমরা আমাদের আগের ম্যাচটি এই চেন্নাইতেই খেলেছি। এবার যেহেতু আর কোনো ভ্রমণ করতে হচ্ছে না, তাই একটু সুবিধা আমাদেরও আছে। আশা করি, এই ম্যাচে গতিটা ফিরে পাব আমরা। আমরা ক্যারিবিয়া থেকে এসেছি এবং এ কারণে অন্য দলগুলোর মতো গরম আমাদের জন্য কোনো ব্যাপার নয়।জানি না উইকেট কেমন হবে। সর্বশেষ ম্যাচটার মতো যদি হয়, তাহলে উইকেট ভালোই হবে আশা করি। এই জায়গাতে দুটি দলই সমান সমান। নিজেদের সেরা খেলাটা খেলতে চাই আমরা, আর চাই জয় নিয়ে মাঠ ছাড়তে।