টেন্ডুলকারকে সরিয়ে শীর্ষে সাঙ্গাকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টে সবচেয়ে বেশি রান তাঁর, সেঞ্চুরিও—শচীন টেন্ডুলকারকে এই আসন থেকে কেউ সরাতে পারবেন কি না কে জানে! তবে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে তাঁকে সরিয়ে দিয়েছেন কুমার সাঙ্গাকারা।অনেক দিন পর শীর্ষে উঠে মাস দেড়েকই সেখানে থাকতে পারলেন টেন্ডুলকার। সাম্প্রতিক দুটি টেস্ট সিরিজে টেন্ডুলকার ও সাঙ্গাকারার বিপরীত অভিজ্ঞতার কারণেই হাতবদল শীর্ষস্থানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ১৫০ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন সাঙ্গাকারা। রান করেছেন ২২৮। আর ৫০তম টেস্ট সেঞ্চুরির স্বপ্ন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করে চার ইনিংসে টেন্ডুলকারের প্রাপ্তি একটি হাফ সেঞ্চুরি। রান ১২৬। এটাই ব্যবধান গড়ে দিয়েছে দুজনের। র‌্যাঙ্কিং পয়েন্টের বিবেচনায় যে ব্যবধানটা ২৩। বীরেন্দর শেবাগ আছেন ৩-এ। এরপরের দুজনই দক্ষিণ আফ্রিকান। জ্যাক ক্যালিস আছেন ৪ নম্বরে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে আবুধাবি টেস্টে অপরাজিত ২৭৮ রানের ইনিংসটি ৫ নম্বরে তুলে এনেছে ডি ভিলিয়ার্সকে। ডি ভিলিয়ার্স টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশেই এলেন এই প্রথম। প্রথম দশে উঠে এসেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জোনাথন ট্রটও। তাঁকে ৮ নম্বরে তুলে আনায় বড় ভূমিকা ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩৫ রান।র‌্যাঙ্কিং প্রকাশিত হওয়ার পর ওপরের দিকেই চোখ রাখে সবাই। বাংলাদেশের কাউকে খুঁজতে অবশ্য তালিকার নিচের দিকেই চোখ রাখতে হয়। তামিম ইকবালের কল্যাণে খুব বেশি নিচে অবশ্য যেতে হচ্ছে না। বাংলাদেশের বাঁহাতি ওপেনার আছেন ১৯ নম্বরে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এরপর আছেন সাকিব আল হাসান (৪৫)।বোলিং র‌্যাঙ্কিংয়ে অবশ্য প্রথম দশেই আছেন সাকিব। ৬৪৮ পয়েন্ট নিয়ে ঠিক দশম স্থানেই এই বাঁহাতি স্পিনার। দুই পেসার শাহাদাত হোসেন ও মাশরাফি বিন মুর্তজা আছেন ৩৮ ও ৩৯ নম্বরে। বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে কোনো পরিবর্তন নেই। পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠতে না পারলেও দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন ধরে রেখেছেন শীর্ষস্থান। ব্রিসবেনে ভালো না করেও দ্বিতীয় স্থানেই আছেন ইংলিশ অফ স্পিনার গ্রায়েম সোয়ান। শীর্ষ পাঁচে বাকি তিনজনের মধ্যে একটি নাম পাকিস্তানের আক্ষেপ জাগানোর মতো। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে কলঙ্কিত মোহাম্মদ আসিফ (৭৩৮) আছেন ৪ নম্বরে। ওয়েবসাইট।