টেন্ডুলকারকে সামির উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলিংয়ে এসে চতুর্থ বলেই উইকেট! ব্যাট হাতে প্রথম দিন তাঁকে না দেখার আফসোস যেন টেন্ডুলকার পুষিয়ে দিতে চাইলেন বল হাতে। কাল ইডেনে উইকেট পাওয়ার পর সতীর্থদের সঙ্গে উদ্যাপন  ওয়েবসাইট
বোলিংয়ে এসে চতুর্থ বলেই উইকেট! ব্যাট হাতে প্রথম দিন তাঁকে না দেখার আফসোস যেন টেন্ডুলকার পুষিয়ে দিতে চাইলেন বল হাতে। কাল ইডেনে উইকেট পাওয়ার পর সতীর্থদের সঙ্গে উদ্যাপন ওয়েবসাইট

মহেন্দ্র সিং ধোনি টস হেরে যাওয়ার পর ইডেনের গ্যালারিতে একটা আফসোসের সুর বাজল।
কে না জানে, ইডেনে টস জিতে চোখ বুজে ব্যাটিং নিতে হয়। আর ভারত ফিল্ডিং করা মানে তো প্রথম দিন শচীন টেন্ডুলকারের ব্যাটিং দেখা যাবে না!
ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংই নিল। তবে দিন শেষে গ্যালারির সেই আফসোসটা আর নেই। শেষ বিকেলেই যে ব্যাট করতে নেমে গেছেন ভারতীয় দুই ওপেনার। তার আগে মোহাম্মদ সামির তোপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ অলআউট ২৩৪ রানে। ৭১ রানে ৪ উইকেট নিয়ে ইডেনে ক্রিকেট ঈশ্বরের বিদায়ী টেস্টের প্রথম দিনের নায়ক বাংলার এই পেসার। দিন শেষে ভারত বিনা উইকেটে ৩৭। শিখর ধাওয়ান ২১ আর মুরালি বিজয় ১৬ রানে ব্যাট করছেন।
কোনো সন্দেহ নেই, আজ টেন্ডুলকারের ব্যাটিং দেখার জন্য কলকাতা ইডেনে ছুটবে।
অন্য যা কিছুই হোক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দুটি টেস্ট শেষ পর্যন্ত টেন্ডুলকারের। ইডেনের প্রথম দিনেও সেই আবহটা থাকল। টিকিটে টেন্ডুলকারের ছবি, সোনার মুদ্রা দিয়ে টস হলো, তাতেও টেন্ডুলকারের মুখ। স্বামীর ব্যাটিং দেখবেন বলে মুম্বাই থেকে উড়ে এসেছেন স্ত্রী অঞ্জলি টেন্ডুলকারও।
তবে প্রথম দিনই ইডেন টেন্ডুলকারকে একটু দেখার সুযোগ পেল। প্রায় ২০ বছর আগে এই ইডেনেই হিরো কাপের সেমিফাইনালে শেষ ওভারে টেন্ডুলকারের দুর্দান্ত বোলিংয়ে ভারত ২ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। কাল বিকেলে ধোনি তাঁর হাতে বল তুলে দেওয়ার পর প্রথম ওভারেই টেন্ডুলকার ফিরিয়ে দিলেন শেন শিলিংফোর্ডকে। যেন বোঝাতে চাইলেন, ব্যাটসম্যান সত্তার আড়ালে ঢাকা পড়ে গেলেও বোলিং সামর্থ্যটা খারাপ ছিল না!
ওয়েস্ট ইন্ডিজের মূল ক্ষতিটা অবশ্য তিনি করেননি, করেছেন আরেকজন, সামি। শুরুতে দুয়েক ওভার ছন্দ খুঁজে পেতে সমস্যা হয়েছে। কিন্তু কাইরান পাওয়েলকে আউট করার পর যেন ফুঁসে উঠলেন আত্মবিশ্বাসে। ৪৭ রানে ২ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছিলেন ড্যারেন ব্রাভো আর মারলন স্যামুয়েলস। কিন্তু লাঞ্চের পর সামির রিভার্স সুইংয়ে পর পর দুই ওভারে সাজঘরে ফিরে যান স্যামুয়েলস আর দিনেশ রামদিন। এই দুজনের মাঝে রান আউট হয়েছেন ব্রাভো। ২ উইকেটে ১৩৮ থেকে হঠাৎ করেই ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ১৪৩! এরপর একা চেষ্টা করে গেছেন ১৪৯তম টেস্ট খেলতে নামা শিবনারায়ণ চন্দরপল। কিন্তু আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি ভারতীয় বোলাররা। শেষ ব্যাটসম্যান হিসেবে শেলডন কটরেলকে আউট করে টেস্ট অভিষেকটা স্মরণীয় করে রাখলেন সামি। তবে ‘যা কিছু হবে সবই টেন্ডুলকারের জন্য’ এই মন্ত্র মাথায় রেখে তিনিও পারফরম্যান্সটা উৎসর্গ করেছেন লিটল মাস্টারকে, ‘টেন্ডুলকার খেলছেন এমন টেস্টে আমার অভিষেক হয়েছে, এটাই আমার জন্য পরম পাওয়া। আজকের এই পারফরম্যান্স তাঁর জন্য।’
এমন বিদায় কজনের ভাগ্যে জোটে! স্টার স্পোর্টস, ক্রিকইনফো।

স্কোরকার্ড
টস: ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস
রান বল ৪ ৬
গেইল ক বিজয় ব ভুবনেশ্বর ১৮ ৩২ ৪ ০
পাওয়েল ক ভুবনেশ্বর ব সামি ২৮ ৪০ ৫ ১
ব্রাভো রানআউট ২৩ ৯৬ ২ ১
স্যামুয়েলস ব সামি ৬৫ ৯৮ ১১ ২
চন্দরপল ব অশ্বিন ৩৬ ৭৯ ৩ ০
রামদিন ব সামি ৪ ৪ ১ ০
স্যামি ক ভুবনেশ্বর ব ওঝা ১৬ ১৯ ৩ ০
শিলিংফোর্ড এলবিডব্লু ব টেন্ডুলকার ৫ ৩৯ ০ ০
পেরমল ক ও ব অশ্বিন ১৪ ২৭ ৩ ০
বেস্ট অপরাজিত ১৪ ৩০ ২ ০
কটরেল ব সামি ০ ৪ ০ ০
অতিরিক্ত (বা ৪, লেবা ৭) ১১
মোট (৭৮ ওভারে অলআউট) ২৩৪
উইকেট পতন: ১-৩৪, ২-৪৭, ৩-১৩৮, ৪-১৩৮, ৫-১৪৩, ৬-১৭২, ৭-১৯২, ৮-২১১, ৯-২৩৩।
বোলিং: ভুবনেশ্বর ১৪-৬-৩৩-১, সামি ১৭-২-৭১-৪, অশ্বিন ২১-৯-৫২-২, ওঝা ২৪-৬-৬২-১, টেন্ডুলকার ২-১-৫-১।
ভারত ১ম ইনিংস
ধাওয়ান ব্যাটিং ২১ ২৭ ৪ ০
বিজয় ব্যাটিং ১৬ ৪৫ ২ ০
অতিরিক্ত ০
মোট (১২ ওভারে, বিনা উইকেটে) ৩৭
বোলিং: বেস্ট ২-০-১৫-০, কটরেল ৫-২-১৩-০, শিলিংফোর্ড ৪-২-৮-০, পেরমল ১-০-১-০।