টেন্ডুলকারকে স্ট্রাউসের অভিবাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুলিতে ৯৯টি আন্তর্জাতিক সেঞ্চুরি। টেস্টে ৫১টি, ওয়ানডেতে ৪৮টি। আর একটি হলেই সেঞ্চুরির সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেই কি নতুন মাইলফলক স্পর্শ করতে পারবেন শচীন টেন্ডুলকার?পারুন না-ই পারুন, সিরিজ শুরুর আগেই ভারতীয় ব্যাটিং কিংবদন্তি অভিবাদন পেলেন প্রতিপক্ষ অধিনায়কের কাছ থেকে। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস শুধু টেন্ডুলকারকে নত শিরে ‘সালাম’ই করছেন না, খুঁজে নিচ্ছেন অনুপ্রেরণাও। সেই ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে টেন্ডুলকারের অভিষেক। প্রায় ২২ বছর পেরিয়ে এই ৩৮ বছর বয়সেও এখনো ক্রিকেটের প্রতি নিবেদন একই রকম। সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাটে যেন আরও ঝলসানো রূপ।যা দেখে অনুপ্রাণিত স্ট্রাউস। সেঞ্চুরির সেঞ্চুরি সম্পর্কে তাঁর কথা, ‘নিঃসন্দেহে এটা হতে যাচ্ছে বিস্ময়কর এক অর্জন। শুধু এত এত রানের জন্যই নয়। খেলাটির প্রতি তাঁর আকঙ্ক্ষা এবং নিবেদনই ক্যারিয়ারটা লম্বা করেছে এবং এই রেকর্ডগুলো অর্জন সম্ভব হয়েছে।’ এরপরই স্ট্রাউস ইঙ্গিত করেছেন টেন্ডুলকারের সাম্প্রতিক আগুন-জ্বলা ফর্মের দিকে, ‘সে এই মুহূর্তেও একই রকম খেলছে। এটা আমাদের সবার জন্যই দৃষ্টান্ত, আপনি যদি এখনো ক্ষুধার্ত হন, বয়স আপনার সামর্থ্যে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ২০ বছর ধরেই সে অন্যতম গ্রেট খেলোয়াড়। আমি নিশ্চিত, সে এই সিরিজে বড় কিছুই করতে চাইবে।’৮৫টি টেস্ট খেলা স্ট্রাউস এর সঙ্গে যোগ করেছেন, ‘টেকনিক্যালি সে অসাধারণ। প্রচন্ড মানসিক শক্তি। চাপের মুখে সে যেভাবে ব্যাট করে সেটা অসাধারণ। মানুষ হিসেবেও সে খুবই মর্যাদাবান এবং বিনয়ী। সম্ভবত সেরাদের সেরা উদাহরণ সে-ই।’সিরিজে ৪টি টেস্ট ও পাঁচ ওয়ানডে। ফর্মে থাকা টেন্ডুলকারকে বেশ কয়েকটা দিন একেবারে কাছে থেকেই দেখতে পারবেন স্ট্রাউস। এই দেখার শুরুটা গতকাল থেকেই শুরু হয়েছে। ভারত তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে সমারসেটের বিপক্ষে। নিজে মিডলসেক্সের হলেও ফর্মের সঙ্গে যুঝতে থাকা স্ট্রাউস এই ম্যাচে খেলছেন সমারসেটের হয়ে। মানে টেন্ডুলকার এখন থেকে শুধুই তাঁর প্রতিপক্ষ। তাই শুধু প্রশংসা নয়, টেন্ডুলকারকে আটকানোর পরিকল্পনাও করতে হচ্ছে স্ট্রাউসকে। তাঁর আশা, ক্রিস ট্রেমলেট সিরিজে টেন্ডুলকারকে স্বস্তিতে থাকতে দেবেন না। এএফপি।