টেন্ডুলকারকে ‘বিরল’ বললেন সোবার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার নয়, তাঁর দেখা সেরা ক্রিকেটার হিসেবে সুনীল গাভাস্কারের নামই বলেছিলেন গ্যারি সোবার্স। টেন্ডুলকারের মন খারাপ করার কিছু নেই। কারণ টেন্ডুলকারকেও অভিনন্দিত করলেন এই জীবন্ত কিংবদন্তি। সোবার্স বলেছেন, টেন্ডুলকার বিরল এক ক্রিকেটার।সর্বকালের অন্যতম সেরা এই সাবেক অলরাউন্ডার এখন ভারতে। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতের প্রথম টেস্ট আর সিরিজ জয়ের চার দশক পূর্তি উপলক্ষে পরশু মুম্বাইয়ে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। ওই সফরে ভারতের স্পিন ত্রিমূর্তি ভগবত চন্দ্রশেখর, এরাপল্লি প্রসন্ন আর বিষেণ সিং বেদি তাঁদের কেমন ঝামেলায় ফেলেছিলেন, সেই স্মৃতি রোমন্থন করেছেন সোবার্স।ওই সিরিজে ক্যারিবীয় দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন সোবার্স। উইকেটে নন-স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে ওয়েস হলকে কীভাবে স্পিন খেলার শিক্ষা দিয়েছিলেন, সে কথা আজও মনে পড়ে তাঁর, ‘আমাদের ছয়-সাতটা উইকেট পড়ে গিয়েছিল। চন্দ্র বল হাতে নিল। ওয়েস আমার কাছে এসে বলল, ক্যাপ্টেন, আমি তো ওর বল বুঝতেই পারছি না। ওকে বললাম, আর কতবার এই কথা শোনাবে! কানহাই, বুচারদের মতো ব্যাটসম্যানরা যখন বুঝছে না, তুমি আর কী বুঝবে।’একটা বুদ্ধি বার করেছিলেন সোবার্স, ‘আমি ওকে বললাম, চন্দ্রর হাতের দিকে আমি তাকাব। ও যদি গুগলি দেয়, তাহলে আমি ব্যাট রাখব ডান হাতে। ব্যস, কাজে দিল। ওয়েস বেশ কয়েকটা শট খেলল। আর চন্দ্র এমনভাবে তাকাল, “ওয়েস হল! ও আমার বল বুঝতে পারছে!”প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন সোবার্স। পরে ভারতেরই দুই ব্যাটসম্যান অনুসরণ করেছেন তাঁকে—ফার্স্ট ক্লাস ক্রিকেটে রবি শাস্ত্রী, টি-টোয়েন্টিতে যুবরাজ সিং। কিন্তু প্রথম কীর্তি হিসেবে অমর-অক্ষয় হয়ে থাকবেন সোবার্সই। যদিও তিনি বলছেন, ‘বিশ্বাস করুন, আমি কখনোই রেকর্ডের জন্য খেলিনি। ছয় ছক্কার ব্যাপারটা আমার মাথাতেই ছিল না। ওটা হয়ে গেছে। আমরা আসলে ইনিংস ঘোষণা করতে চাচ্ছিলাম... পাঁচটি ছক্কা মারার পর, তখনই রেকর্ড হয়ে গিয়েছিল, আমি বুঝলাম, আরেকটি ছক্কা মারার চেষ্টা আমি করতে পারি। ’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেন্ডুলকারও। ১৯৭১ সালের ওই বিজয়ী দলটির সইঅলা একটা ব্যাট তাঁকে উপহার দেওয়া হয়। সোবার্স নিজ হাতে টেন্ডুলকারকে ব্যাট তুলে দেন। বলেন, ‘শচীন তুমি অবশ্যই বিরল এক ক্রিকেটার।’ ওয়ানডেতে ২০০ রানের ইনিংস খেলার জন্য অভিনন্দনও জানান তাঁকে। জবাবে পূর্বসূরিদের প্রতি কৃতজ্ঞতা জানান টেন্ডুলকার, তাঁকে পথ দেখানোর জন্য। সোবার্সের সঙ্গে টেন্ডুলকার একমত যে অতীতে ব্যাটিং অনেক কঠিন একটা কাজ ছিল, ‘গার্ড ছাড়া ব্যাটিং করতে অনেক সাহসের দরকার। আমি তো গার্ড ছাড়া নেটেও একটা সেশন কাটানোর কথা ভাবতে পারি না। তা ছাড়া আগে উইকেট থাকত খোলা। খেলাটা এরপর অনেকটা পাল্টে গেছে। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আগামী দশ-বিশ বছরে হয়তো আরও পাল্টাবে। তবে সিনিয়রদের প্রতি আমি সম্মান আর কৃতজ্ঞতা জানাই আমাদের পথ দেখানোর জন্য।’অনুষ্ঠানে ১৯৭১ সালের ওই দলটার অধিনায়ক অজিত ওয়াদেকার, ফারুক ইঞ্জিনিয়ার, ভেঙ্কট রাঘবন, বেদি, সেলিম দুররানি, চন্দ্রশেখর, প্রসন্ন, সৈয়দ কিরমানিরা উপস্থিত ছিলেন। এঁদের সংবর্ধনা দেওয়া হয়। সোবার্সের ব্যাটে মার খেয়েও কতটা তৃপ্তি পেতেন জানিয়ে বেদি বলেন, ‘সোবার্সের কাছে শাস্তি পেয়ে আমি উচ্ছ্বসিতই ছিলাম। তাঁর সময়টায় খেলতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ বোধ করি, যেমনটা আমি করতাম, যদি ব্র্যাডম্যান কিংবা টেন্ডুলকারের সময়ে খেলতে পারতাম।’ ওয়েবসাইট।