টেন্ডুলকারকেই লিটল মাস্টার বললেন হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিটল মাস্টার খেতাবটি টেন্ডুলকারকেই বেশি মানায় বলে মন্তব্য করেছেন হানিফ মোহাম্মদ
লিটল মাস্টার খেতাবটি টেন্ডুলকারকেই বেশি মানায় বলে মন্তব্য করেছেন হানিফ মোহাম্মদ

একসময় তাঁকেই বলা হতো লিটল মাস্টার। সেটা শচীন টেন্ডুলকারের জন্মেরও আগের কথা। ১৯৫২ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে লিটল মাস্টার খেতাবটা প্রথমবারের মতো পেয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান হানিফ মোহাম্মদ। কিন্তু লিটল মাস্টার খেতাবটি টেন্ডুলকারকেই বেশি মানায় বলে মন্তব্য করেছেন সাবেক এই পাকিস্তানি ব্যাটসম্যান। নতুন করে টেন্ডুলকারকে ‘লিটল জিনিয়াস’ খেতাবও দিয়েছেন হানিফ।

সদ্যই লাখো-কোটি ভক্তকে কাঁদিয়ে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন টেন্ডুলকার। ইতি টেনেছেন ২৪ বছরের বিস্ময়কর ক্রিকেট ক্যারিয়ারের। তবে ভারতের এই ব্যাটিং বিস্ময় আরও দুই বা তিন বছর অনায়াসে খেলে যেতে পারতেন বলেই মনে করেন হানিফ, ‘আমার মনে হয়েছে, সে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারণ কেউ কেউ মনে করেছে যে নতুন ভারতীয় দল থেকে তাঁর বিদায়ের সময় হয়ে গেছে। কিন্তু আমি সত্যিই বিশ্বাস করি যে সে আরও দুই বা তিন বছর খেলে যেতে পারত। আমি না, শচীনই লিটল মাস্টার খেতাবটির সত্যিকার দাবিদার। আর লিটল জিনিয়াসেরও।’

টেন্ডুলকারের পুরো ক্রিকেট ক্যারিয়ারটাই আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেছিলেন হানিফ। তিনি খেলতে দেখেছেন ডন ব্রাডম্যানকেও। অনন্য এই অভিজ্ঞতা থেকে হানিফের সিদ্ধান্ত: সর্বকালের সেরা দুই ব্যাটসম্যানের মধ্যে কোনো তুলনা চলে না। সম্প্রতি পিটিআইয়ের জন্য লেখা এক প্রবন্ধে তিনি বলেছেন, ‘আমি ব্রাডম্যান যুগে খেলেছি। টেন্ডুলকারের খেলাও দেখেছি। আর খুবই স্বাভাবিকভাবে আমার কাছে প্রশ্ন এসেছে যে কে সর্বকালের সেরা ব্যাটসম্যান?

টেস্টে ৯৯ গড়ে রান সংগ্রহকারী ব্রাডম্যান নাকি ১০০টি শতক হাঁকানো টেন্ডুলকার? নিশ্চিতভাবে ব্রাডম্যানেরই এগিয়ে থাকার কথা। কিন্তু তাদের মধ্যে তুলনা করাটা আমার জন্য কঠিন। তাদের মধ্যে কোনো তুলনা হয়ও না। কারণ, যখন কেউ অনেক বেশি ম্যাচ খেলবে তখন তার গড় কিছুটা কমেই যাবে।’

২০০৬ সালে পাকিস্তান সফরে গিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হানিফকে একটা স্মারক উপহার দিয়েছিলেন টেন্ডুলকার। সেটা এখনো খুব সযত্নেই রাখা আছে হানিফ মোহাম্মদের ট্রফিকেসে।—পিটিআই

ক্রিকেট, ফুটবল, টেনিস, গলফসহ যেকোনো খেলার আপডেট ও খবর পেতে আপনার মোবাইল থেকে S লিখে এসএমএস করুন ২২২১ নম্বরে