টেন্ডুলকারে হবস দেখেন রাইস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

চোটের কারণে গত আইপিএলের শেষ দিকে মাঠে নামতে পারেননি। মুম্বাই ইন্ডিয়ানস চ্যাম্পিয়ন হওয়ার পর শচীন টেন্ডুলকার আইপিএল থেকে নিয়ে ফেলেন অবসরই। কিন্তু টেন্ডুলকার ঠিকই আছেন চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির জন্য গত শুক্রবার ঘোষিত মুম্বাই ইন্ডিয়ানসের দলে। আভাস-ইঙ্গিতে পরিষ্কার, টেন্ডুলকার নিজেও ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে খেলতে চান।
তবে টেন্ডুলকার শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে খেলতে পারেন কি না, তা নিয়ে আছে সংশয়। গত ১৩ মে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের স্পিনার করণ শর্মাকে ছক্কা মারতে গিয়ে বাঁ হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন টেন্ডুলকার। প্রথম দিকে ‘হালকা’ মনে হলেও পরে জানা যায় চোট গুরুতর। গত মাসে লন্ডনে অস্ত্রোপচারও করিয়েছেন। খেলতে পারুন বা না-ই পারুন, টেন্ডুলকারের দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি পরিকল্পনায় চ্যাম্পিয়নস লিগ আছে ভালোভাবেই।
দুটি টি-টোয়েন্টি, সাতটি ওয়ানডে ও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে আগামী নভেম্বরে। টেস্ট সিরিজ শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। টেন্ডুলকার টেস্ট সিরিজটাকে পাখির চোখ করেছেন বটে, কিন্তু সে জন্য তো চাই ম্যাচ ফিটনেস! সে লড়াইটা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়েই শুরু করার পরিকল্পনা টেন্ডুলকারের। আর তা সম্ভব না হলে টেস্ট সিরিজের আগে রঞ্জি ও দুলিপ ট্রফির যে কটা ম্যাচ পাবেন, চেষ্টা করবেন সেগুলো কাজে লাগাতে।
১৯৫৯ সালে ভিনু মানকড়ের পর প্রথম ভারতীয় হিসেবে ৪০ বছর বয়সে টেস্ট খেলতে যাচ্ছেন টেন্ডুলকার। তার আগে টেন্ডুলকারকে নিজের কাছে সৎ থাকার পরামর্শ দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ক্লাইভ রাইস। প্রথম শ্রেণীর ক্রিকেটে টেন্ডুলকারের চেয়েও বেশি রান ২৬৩৩১, সঙ্গে ৯৩০টি উইকেট, রাইসকে মনে করা হয় প্রথম শ্রেণীর ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা অলরাউন্ডার। কিন্তু বিশ্ব ক্রিকেট থেকে দক্ষিণ আফ্রিকা নির্বাসনে থাকায় রাইসের আন্তর্জাতিক ক্যারিয়ারটা আলো পায়নি। ১৯৯০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তনের পর রাইস খেলেছেন তিন ম্যাচের একটা ওয়ানডে সিরিজ। এই ভারতের বিপক্ষেই ওই সিরিজে রাইস ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। সিরিজটা খেলেছিলেন টেন্ডুলকারও। সেই রাইসের বয়স এখন ৬৪, হিন্দুস্তান টাইমস-এ টেন্ডুলকারকে উদ্দেশ করে বলেছেন, ‘শচীন, মনে রাখতে হবে, বয়সের প্রশ্নটা মনের ওপর প্রভাব ফেলে। যদি তুমি পাত্তা না দাও, এটা কোনো ব্যাপারই নয়।’ রাইস এরপর যোগ করেছেন, ‘কিছু মানুষ আমাকে বলেছে, তার সাম্প্রতিক রেকর্ড ভালো নয়। কিন্তু ৪০ বছর বয়সেও সে খেলার জন্য যথেষ্ট ভালো, তাকে অবশ্যই নিজের প্রতি সৎ থাকতে হবে।’
বয়সের অজুহাত দেখিয়ে টেন্ডুলকারের সমালোচনাকারীদের সামনে দারুণ একটা উদাহরণও রেখেছেন রাইস। টেনে এনেছেন সাবেক ইংলিশ কিংবদন্তি জ্যাক হবসকে। হবস প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন ৫২ বছর বয়সেও। রাইস বলেছেন, ‘ব্যাটিং নিয়ে আমার চমৎকার একটা তত্ত্ব আছে। ২০-৩০ বছর বয়সে আপনি ব্যাটিংয়ের কলাকৌশলই কেবল শিখবেন। সত্যিকারের ব্যাটসম্যান হয়ে উঠবেন ৪০-এর পর। জ্যাক হবস ৪০ বছর বয়সের পর প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করেছেন। হবসের ক্যারিয়ারের দিকে তাকালে দেখবেন, তরুণ বয়সে তিনি এর অর্ধেক ভালোও ছিলেন না। শচীনকেও স্যার জ্যাকের চেয়ে কম কিছু ভাবলে হবে না।’ ওয়েবসাইট।