টেন্ডুলকারের অবসর-ভাবনা
অবসর প্রসঙ্গে যতবারই প্রশ্ন করা হয়েছে, ততবারই হুক-পুল করে প্রশ্নটাকে সীমানাছাড়া করেছেন শচীন টেন্ডুলকার। জানিয়ে দিয়েছেন, ভাবনাটা তাঁর মাথায়ই নেই। খেলাটা যত দিন পর্যন্ত উপভোগ করবেন চালিয়ে যাবেন। তার আগে অবসর নয়। অবশেষে সেই টেন্ডুলকারের কণ্ঠেও যেন বিদায়ের বেহাগ বাজতে শুরু করেছে। না, কবে বিদায় বলবেন সেটি এখনো ঠিক করেননি। বলেছেন, এই নভেম্বরেই নিজের ক্রিকেট ভবিষ্যতের পুনর্মূল্যায়ন করবেন!তবে এটুকুর মধ্যেও আসলে জানিয়ে দিয়েছেন অনেক কিছুই। আগামী নভেম্বর-ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। টেন্ডুলকার জানিয়েছেন নিজেদের মাটির এই সিরিজে খেলার সময়ই স্থির করবেন ভবিষ্যৎ। এটাও জানিয়েছেন ২৩ বছরের লম্বা ক্যারিয়ারটা কোথায় গিয়ে থামবে, সেটি নির্ভর করছে তাঁর ফর্ম এবং খেলাটার প্রতি প্রণোদনা কোন পর্যায়ে তার ওপর। বয়স ৩৯ পেরিয়ে গেছে। খুব বেশি ক্রিকেট নিজের মধ্যে আর অবশিষ্ট নেই, এই প্রথমবারের মতো সেটাও স্বীকার করলেন ভারতের ব্যাটিং জিনিয়াস।অবসরের চূড়ান্ত সিদ্ধান্তটা একেকটি সিরিজ মূল্যায়নের ভিত্তিতে নেবেন জানিয়ে ভারতের টাইমস নাউ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে টেন্ডুলকার বলেছেন, ‘আমার বয়স ৩৯ বছর। আমি মনে করি না, খুব বেশি ক্রিকেট আমার মধ্যে আছে।’ অবসর নিয়ে ভাবছেন কি না—প্রশ্নের জবাবে টেন্ডুলকার স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ‘অবশ্যই, আমি ওটা ভাবছি। বয়স ৩৯ পেরিয়েছে। এই সময়ে অবসর নিয়ে ভাবাটা আমার জন্য অস্বাভাবিক কিছু নয়।’ পরক্ষণেই বলে দিয়েছেন অবসরের সিদ্ধান্তটি ভবিষ্যতের হাতেই, দ্রুতই ব্যাট-প্যাড তুলে রাখছেন না, ‘ওই মুহূর্তে আমি অন্তরাত্মার কথাই শুনব। যেমন এ মুহূর্তে আমার হূদয় বলছে, আমি ঠিক আছি। তবে আপনাকে একেকটি সিরিজ নিয়ে ভাবতে হবে।’ ইংল্যান্ড সিরিজে খেলার প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, ‘এ মুহূর্তে অবসর নেওয়ার দরকার নেই। আমি যখন নভেম্বরে খেলব, আমি বিষয়টা নিয়ে পুনর্মূল্যায়ন করব।’ভারতের আর পাঁচজন তারকা ক্রিকেটারের সঙ্গে টেন্ডুলকারকে বিচার করা যায়নি। টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানসংগ্রাহক ও শততম আন্তর্জাতিক সেঞ্চুরির একমাত্র মালিককে এত দিন কোনো সিরিজে বাদ দেওয়ার ‘স্পর্ধা’ই নির্বাচকেরা দেখাতে পারেননি। সমালোচনা হয়েছে, তবে সেটি ভারতীয় সাবেক ক্রিকেটারদের দিক থেকে না যতটা তার চেয়ে অন্য দেশের ক্রিকেট বিশেষজ্ঞরাই বেশি করেছেন। ক্যারিয়ারে অনেকবারই বাজে সময়ের ভেতর দিয়ে যেতে হয়েছে তাঁকে। তবে ভারতের ক্রিকেট-জনতার কাছে তিনি ‘দেবতা’ই থেকে গেছেন। সমালোচনার জবাব ব্যাটেই দিয়ে নিজেও ফিরেছেন ফর্মে। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটির সিরিজে তাঁর ফর্ম নিয়ে ভারতের সাবেক ক্রিকেটাররাও মুখ খুলেছেন। ভক্তদের হূদয়ের সিংহাসনটাও টলে গেছে। টেস্ট-ওয়ানডে মিলিয়ে সেঞ্চুরি ১০০টি। টেস্টে সেঞ্চুরি ৫১টি। কিন্তু এর সর্বশেষ সেঞ্চুরিটি করেছিলেন ২০১১ সালের জানুয়ারিতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে। তার পর ২৫ ইনিংসে কোনো সেঞ্চুরি নেই। নিউজিল্যান্ড সিরিজটা গেছে খুবই বাজে। দুই টেস্টের তিন ইনিংসে করেছেন মাত্র ৬৩ রান! গড় ২১! তার চেয়েও বড় প্রশ্নটার জন্ম দিয়েছে তাঁর আউট হওয়ার ধরন। টানা তিন ইনিংসেই বোল্ড হয়েছেন দৃষ্টিকটুভাবে। যে সুনীল গাভাস্কার তাঁকে সব সময় প্রশংসাবৃষ্টিতে ভিজিয়েছেন, তিনি পর্যন্ত প্রশ্ন তুলেছেন টেন্ডুলকারকে নিয়ে। বলেছেন টেন্ডুলকারের রিফ্লেক্স কমে গেছে, পা শ্লথ হয়ে গেছে। অনেক সাবেকই ঠারেঠোরে বলে দিয়েছেন, এটাই তাঁর অবসর নেওয়ার সেরা সময়।কিন্তু টেন্ডুলকারের কথা, ‘আমার মনে এবং শরীরে কী ঘটছে, সেটি একমাত্র আমিই বুঝি। যখন আমার মনে হবে এটাই সময়, আমি বিদায় বলে দেব। কোনো সন্দেহই নেই সিদ্ধান্ত নেওয়াটা হবে কঠিন। এটা কঠিন হবে কারণ এই একটা জিনিসই আমি সারা জীবন ধরে করে আসছি। হঠাৎ করেই এক দিন বুট জোড়া তুলে রাখাটা হবে কঠিন।’ তবে ধারণা করা হচ্ছে, আগামী নভেম্বর-ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটির চার টেস্টের সিরিজটি তিনি খেলছেন। এএফপি, ওয়েবসাইট।