টেন্ডুলকারের অস্ট্রেলিয়ীয় সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একমাত্র ‘ভারত রত্ন’টাই বাকি। এ ছাড়া ভারতের উল্লেখযোগ্য পুরস্কারগুলোর মধ্যে এমন কোনো পুরস্কার নেই, শচীন টেন্ডুলকার যা পাননি। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্ম বিভূষণ, দেশের ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন, রাজীব গান্ধী পদক, অর্জুনা পদক, পদ্মশ্রী—সম্মানসূচক এসব খেতাব তো পেয়েছেনই, পেয়েছেন রাজ্যসভার সংসদ সদস্য পদও। দেশের গণ্ডি পেরিয়ে টেন্ডুলকার এবার সম্মাননা পেতে যাচ্ছেন বাইরে থেকেও। ভারতীয় লিটল মাস্টারকে সম্মানসূচক ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ খেতাব দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ভারত সফরে এসে গতকাল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড দিয়েছেন এই ঘোষণা।‘বিশেষ ক্রিকেটার’ হিসেবে এই ‘বিশেষ এই সম্মাননা’ টেন্ডুলকারের পাওনা জানিয়ে গিলার্ড কাল দিল্লিতে সাংবাদিকদের বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে দারুণ এক মেলবন্ধ। দুটি দেশই ক্রিকেট-পাগল জাতি। আমি খুবই আনন্দিত যে, আমরা শচীন টেন্ডুলকারকে অর্ডার অব অস্ট্রেলিয়ার সদস্যপদ দিতে যাচ্ছি।’সম্মাননাটির বিশেষত্ব বোঝাতে গিয়ে গিলার্ড বলেছেন, ‘এটা বিশেষ এক সম্মাননা। অস্ট্রেলিয়ান নাগরিক কিংবা জাতিগতভাবে অস্ট্রেলিয়ানদের বাইরে খুব কম লোককেই এটা দেওয়া হয়।’ সেই সৌভাগ্যবানদের মধ্যে সর্বশেষ নামটি ব্রায়ান লারা। লারা এই সম্মান পেয়েছেন ২০০৯ সালে। অস্ট্রেলিয়া-ক্যারিবিয়ানের মধ্যে সম্পর্কের উন্নয়ন, সুনাম, বন্ধুত্ব সর্বোপরি ক্রীড়াসুলভ মানসিকতার জন্য কাজ করায় লারাকে বিশেষ এই সম্মাননা দেওয়া হয়। এর আগে যা পেয়েছেন আরও দুই ক্যারিবীয় কিংবদন্তি ক্লাইভ লয়েড ও স্যার গারফিল্ড সোবার্স। ১৯৮৫ সালে লয়েডকে অবশ্য অর্ডার অব অস্ট্রেলিয়ার সদস্যপদের চেয়েও বড় সম্মাননা ‘অফিসার অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ দেওয়া হয়েছে। ২০০৩ সালে গ্যারি সোবার্স পেয়েছেন লারার মতোই অর্ডার অব অস্ট্রেলিয়ার সদস্যপদ।স্যার ডন ব্র্যাডম্যান থেকে শুরু করে হালের রিকি পন্টিং—অর্ডার অব অস্ট্রেলিয়া সম্মাননা পেয়েছেন অস্ট্রেলিয়ার ২০ জন ক্রিকেটার। ব্র্যাডম্যান, পন্টিং, গ্লেন ম্যাকগ্রা, অ্যাডাম গিলক্রিস্ট, লারা, লয়েডদের তালিকায় টেন্ডুলকারের নামটিও উঠতে যাচ্ছে দ্রুতই। কিছুদিনের মধ্যেই ভারত সফরে আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী সিমোন ক্রিয়ান। প্রধানমন্ত্রী গিলার্ড জানিয়েছেন, আসন্ন ভারত সফরকালে ক্রিয়ানই টেন্ডুলকারকে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেবেন।টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোট ১০৬টি ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরির মালিক। আর কোনো ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে এত ম্যাচ খেলেননি। জ্যাক হবসের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট রানও টেন্ডুলকারের। এএফপি, ওয়েবসাইট।