টেন্ডুলকারের আস্থা ‘হটস্পটে’
শ্রীলঙ্কার আপত্তি ছিল না, কিন্তু ভারত চায়নি বলে চলতি ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে ‘ইউডিআরএস (আম্পায়ার ডিসিশন রেফারেল সিস্টেম)’ পদ্ধতির আশ্রয় নেওয়া যায়নি। এতে নাখোশ হয়ে কুমার সাঙ্গাকারা আহ্বান জানিয়েছেন রেফারেল পদ্ধতিকে বাধ্যতামূলক করে দেওয়ার। শ্রীলঙ্কান অধিনায়কের কথায় সায় দিয়েছেন সদ্য টেস্ট আম্পায়ারিংকে বিদায় জানানো রুডি কোয়ের্তজেনও। গত কিছুদিনে একই আহ্বান শোনা গেছে মুত্তিয়া মুরালিধরন, রিকি পন্টিংদের কণ্ঠেও। তবে ইউডিআরএসে ঠিক আস্থা নেই শচীন টেন্ডুলকারের। ব্যাটিং কিংবদন্তির বেশি আস্থা বরং ‘হটস্পট’ প্রযুক্তিতে।‘রেফারেল পদ্ধতির কার্যকরতা নিয়ে আমি ঠিক নিশ্চিত নই। সর্বশেষ যখন এখানে (শ্রীলঙ্কা) এসেছিলাম, অনেকগুলো সিদ্ধান্তের সঙ্গে আমি একমত হতে পারিনি। আমি ঠিক স্বস্তি পাচ্ছিলাম না, আমার ধারণা এটা ছিল এক ধরনের পরীক্ষা-নিরীক্ষা। আমি বরং হটস্পটের পক্ষে, কারণ এর সাহায্যে ব্যাট-বলের সংযোগটা বোঝা যায়। আমার মতে, এটা অনেক ভালো প্রযুক্তি’—পঞ্চম টেস্ট ডাবল সেঞ্চুরির পর গত পরশু বলেছেন টেন্ডুলকার। ভারতের গত শ্রীলঙ্কা সফরে ইউডিআরএসের কারণে ভালোই ভুগতে হয়েছে ভারতকে। এটাকে কাজে লাগিয়ে ১১টি সিদ্ধান্ত নিজেদের পক্ষে পেয়েছিল শ্রীলঙ্কা, অন্যদিকে ভারত পেয়েছিল মোটে একটি। যদিও তাতে প্রযুক্তির দোষ দেওয়া যাবে না। ভারতীয়দের চাওয়া রেফারেলগুলোই হয়তো ঠিক ছিল না। ওয়েবসাইট।