টেন্ডুলকারের কাজটা কঠিন হবে!
ক্ষণগণনা চলছে, পুরো ক্রিকেট-বিশ্ব অপেক্ষা করছে মুহূর্তটির জন্য। গোটা ইংল্যান্ড সিরিজে কত তোলপাড়ই না হলো। অথচ ওটিস গিবসন নাকি জানেনই না শততম সেঞ্চুরির দোরগোড়ায় শচীন টেন্ডুলকার! যা হোক, ভারতে এসে তো আর না জেনে উপায় নেই। ওয়েস্ট ইন্ডিজ কোচ জেনেছেন এবং এত আলোচনা দেখে তাঁর উপলব্ধি, টেন্ডুলকারের কাজটা এতে আরও কঠিন হবে।শততম সেঞ্চুরিটা টেন্ডুলকার পাবেনই, এটা নিয়ে অবশ্য সংশয় নেই গিবসনের, ‘মাইলফলকটা সম্পর্কে আমি জানতাম না, এটা নিয়ে তাই ভাবিনি। তবে যেমন “হাইপ” দেখতে পাচ্ছি, তাতে টেন্ডুলকারের কাজটা কঠিন হবে। অবশ্য ও একজন কিংবদন্তি, শিগগিরই কোনো একসময় শততম সেঞ্চুরিটা পেয়ে যাবে।’ বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিটা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের ৯৯তম সেঞ্চুরি। এরপর বিশ্বকাপে ৪ ইনিংস খেলেও আর সেঞ্চুরি পাননি। পাননি ইংল্যান্ডে ৪ টেস্টের ৮ ইনিংসেও। এরপরই পায়ের আঙুলের চোট মাঠের বাইরে ঠেলে দেয় তাঁকে। খেলতে পারেননি ইংল্যান্ডে ও দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে।গিবসন না জানলেও মাঠে যাঁরা উত্তাপটা টের পাবেন, তাঁরা ঠিকই জানেন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা জানেন অনন্য এক মাইলফলক থেকে মাত্র এক কদম দূরে দাঁড়িয়ে টেন্ডুলকার। ৯৯ সেঞ্চুরির পর প্রথম ম্যাচে (বিশ্বকাপে চেন্নাইয়ে) টেন্ডুলকারকে প্রথম ওভারে ফিরিয়েছিলেন রবি রামপল। এই সিরিজেও নিজেদের কাজটা ঠিকঠাক করে যেতে চান ত্রিনিদাদের পেসার, ‘আমরা জানি, টেন্ডুলকার ব্যক্তিগত একটি মাইলফলকের খুব কাছে দাঁড়িয়ে। তবে আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। নিজেদের পরিকল্পনাগুলো ঠিকঠাকভাবে করে যাওয়া।’পরিকল্পনা যতই থাকুক, তিন টেস্ট আর ৫ ওয়ানডেতে কী টেন্ডুলকারকে সেঞ্চুরিবঞ্চিত রাখা যাবে! ওয়েবসাইট।