টেন্ডুলকারের খেলায় বয়সের ছাপ!
তাঁর সমসাময়িক প্রায় সব ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেটকে ‘বিদায়’ বলে দিলেও ৩৯ বছর বয়সে এখনো খেলে যাচ্ছেন শচীন টেন্ডুলকার। কবে অবসর নেবেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান? প্রশ্নটি বেশ কিছুদিন ধরেই আলোচিত হচ্ছে ক্রিকেট বিশ্বে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে টানা দুই ইনিংসে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরলে আবারও নতুন করে উঠছে টেন্ডুলকারের অবসরের প্রশ্নটি। বয়স তাঁর খেলায় ছাপ ফেলেছে বলে মন্তব্য করেছেন ভারতের আরেক ব্যাটিং জিনিয়াস সুনীল গাভাস্কারও।নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৮৬ মিনিট উইকেটে ছিলেন শচীন টেন্ডুলকার। ৬২টি বল খেলে তিনি সংগ্রহ করেছিলেন মাত্র ১৯ রান। এরপর কিউই পেসার ট্রেন্ট বোউল্টের বলে বোল্ড হয়ে ফিরেছেন সাজঘরে। দ্বিতীয় টেস্টেও প্রায় একই রকমভাবে রান সংগ্রহ করছিলেন টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রানশিকারী এই ব্যাটসম্যান। তবে এবার তিনি উইকেটে থাকতে পেরেছেন আরও কম সময়। ৫০টি বল মোকাবিলা করে ১৭ রান করেন শচীন। তারপর ব্রেসওয়েলের বলে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। স্পষ্টই দেখা গেছে, বলের সঙ্গে তাল মিলিয়ে পা ফেলতে পারেননি এ সময়ের সেরা এই ব্যাটসম্যান। তাঁর ব্যাট ও প্যাডের মধ্যেও ছিল যথেষ্ট ফাঁক। বয়সের কারণেই হয়তো টেন্ডুলকার আর আগের মতো পারফরম্যান্স করতে পারছেন না বলে মন্তব্য করেছেন সুনীল গাভাস্কার।শুধু এই দুই ইনিংসেই নয়, শেষ পাঁচটি টেস্ট ইনিংসে শচীনের সংগ্রহ মাত্র ৮২ রান। ১০০টি আন্তর্জাতিক শতকের মালিক টেন্ডুলকারের শেষ টেস্ট শতকটি এসেছে আরও ২৫ ইনিংস আগে। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তাহলে কি বিদায় নেওয়ার সময়টা চলেই এসেছে লিটল মাস্টারের?নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটি শুরু হওয়ার আগেও অবসর নেওয়ার প্রসঙ্গটি উড়িয়ে দিয়েছেন টেন্ডুলকার। বলেছেন, যত দিন উপভোগ করবেন, তত দিন ক্রিকেট খেলে যাবেন। কিন্তু সাম্প্রতিক এই পারফরম্যান্স যে আবারও টেন্ডুলকারের সেই অপ্রিয় প্রসঙ্গকে উসকে দেবে, তা নিঃসন্দেহে বলা যায়।