২০০৬ সালেই টেস্ট ক্রিকেটে প্রথম শচীন টেন্ডুলকারের মুখোমুখি হয়েছিলেন জেমস অ্যান্ডারসন। মুম্বাইয়ের সেই টেস্টে টেন্ডুলকারকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট উইকেট পেয়েছিলেন অ্যান্ডারসন। সেই শুরু, এর পর থেকে টেন্ডুলকারকে আউট করাটা যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন এই পেসার। সেই ধারাবাহিকতায় কালও পেলেন সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিকের উইকেটটি। চলমান কলকাতা টেস্টসহ টেন্ডুলকারের বিপক্ষে ১৩ ম্যাচ খেলে আটবারই উল্লাসে মেতেছেন অ্যান্ডারসন। ভাগ বসিয়েছেন টেন্ডুলকারকে সবচেয়ে বেশি আউট করার মুত্তিয়া মুরালিধরনের রেকর্ডে। ১৯৯৩ থেকে ২০১০ সালের মধ্যে ১৯ টেস্টে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিকের হাতেই আটবার বধ হয়েছিলেন সবচেয়ে বেশি টেস্ট রানের মালিক। এ ছাড়া টেন্ডুলকারকে ছয়বার করে আউট করেছেন গ্লেন ম্যাকগ্রা ও জেসন গিলেস্পি। তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টেন্ডুলকার সবচেয়ে বেশিবার শিকার ব্রেট লির (১৪ বার)।