টেন্ডুলকারের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

শচীন টেন্ডুলকারের জন্য কত কিছুই তো করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আধুনিক ক্রিকেটের ডনের সম্মানার্থে আরেকটি ছোট্ট পদক্ষেপ নিচ্ছে বিসিসিআই। টেন্ডুলকার ২০০তম টেস্টের মাইলফলক ছোঁয়া এবং ২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারের শেষটা যাতে দেশের মাটিতেই টানতে পারেন, সে জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগেই ঘরের মাঠে দুই ম্যাচের একটা টেস্ট সিরিজ আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই। পরিকল্পনা চূড়ান্ত। সিরিজটা হবে আগামী নভেম্বরে। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।১৯৮টি টেস্ট খেলেছেন। আর মাত্র দুটি টেস্ট হলেই প্রথম ক্রিকেটার হিসেবে টেন্ডুলকার ছুঁয়ে ফেলবেন ২০০তম টেস্টের মাইলফলক। ধারণা করা হচ্ছিল ভারতীয় ক্রিকেট ‘দেবতা’ কীর্তিটা গড়তে যাচ্ছেন আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে। কেপটাউনে দ্বিতীয় টেস্টটাই হতে পারে টেন্ডুলকারের ২০০তম টেস্ট। একটু আগ বাড়িয়ে এমনও ধারণা করা হয়েছে, ব্যাট-প্যাড তুলের রাখার ঘোষণাও দেবেন ওই সিরিজ শেষেই। কিন্তু একজন ক্রিকেটারের ২০০তম টেস্ট খেলা, ক্রিকেটের বর্ণাঢ্য এক ক্যারিয়ারের শেষ—অবিস্মরণীয় ঘটনাগুলো বিদেশের চেয়ে দেশের মাটিতে হলেই কি ভালো হয় না!এই ভাবনা থেকেই মূলত সিরিজটা আয়োজন করছে বিসিসিআই। ঘরের মাঠে সিরিজ খেলে রাজস্ব পুষিয়ে নেওয়ার ব্যাপারও আছে। ভারত ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে গত মার্চে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিসিসিআইয়ের দাবি, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রস্তাবিত সিরিজটি খেলতে আগ্রহ দেখিয়েছে। টেস্ট দুটি হতে পারে কলকাতা ও মুম্বাইয়ে। মানেটা পরিষ্কার। ইডেন গার্ডেনে ১৯৯তম টেস্টটি খেলে টেন্ডুলকার ২০০তম টেস্টটি খেলবেন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যে স্টেডিয়ামের সঙ্গে জড়িয়ে আছে তাঁর হাজারো স্মৃতি। এখানেই তাঁর ক্রিকেটের হাতেখড়ি। শুধু তা-ই নয়। প্রত্যাশা করা হচ্ছে টেন্ডুলকার শেষও করবেন সেখানেই! আধুনিক ক্রিকেটের ডনের শেষের মঞ্চটা তো এমনই হওয়া উচিত!সেদিক দিয়ে বিসিসিআইয়ের পরিকল্পনাটা সাধুবাদ পাওয়ারই যোগ্য। কিন্তু একটু তলিয়ে দেখলে পাওয়া যায় অন্য একটা কারণও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা হলে দক্ষিণ আফ্রিকা সিরিজের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ নিয়ে দেখা দেবে অনিশ্চয়তা। অথচ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) সিরিজের সূচি ঘোষণা করেছে গত জুলাই মাসে। সূচি অনুযায়ী ২১ ও ২৪ নভেম্বর দুটি টি-টোয়েন্টি। এরপর সাত ম্যাচের ওয়ানডে সিরিজ।তাহলে বিসিসিআই এখন কেন একই সময়ে অন্য একটা সিরিজ আয়োজন করছে? বিসিসিআইয়ের সচিব সঞ্জয় প্যাটেল বলছেন, সিএসএ তাদের সম্মতি না নিয়েই সিরিজের সূচি তৈরি করেছে। শুধুই কি সম্মতি না নেওয়াটাই কারণ? আসল কারণটা অন্যখানে। বিসিসিআই ও সিএসএ, দুই বোর্ডের সম্পর্কে তখন থেকেই ফাটল ধরেছে, যখন জানা যায় সিএসএর প্রধান হয়ে আসছেন হারুন লরগাত। আইসিসির প্রধান নির্বাহী থাকাকালে ভবিষ্যৎ সূচি নির্ধারণ, ডিআরএসসহ নানা বিষয়ে লরগাতের সঙ্গে বিসিসিআইয়ের মতানৈক্য ছিল। ক্রিকইনফো। সেই লরগাতের সিএসএতে আসার ব্যাপারটা বিসিসিআই ভালোভাবে নেয়নি। লরগাত অবশ্য বলেছিলেন, বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করে সমস্যা মিটিয়ে ফেলবেন, দরকার হলে ক্ষমাও চাইবেন। কিন্তু লরগাত যে বিসিসিআইয়ের মন গলাতে পারেনি, সেটা স্পষ্ট। গতকাল বিসিসিআই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা সফরের কথা উল্লেখ না করেই। তবে কি দক্ষিণ আফ্রিকা সফর বাতিলের চিন্তা করছে বিসিসিআই? বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন পিটিআইকে বলেছেন, ‘আমি বলছি না যে, দক্ষিণ আফ্রিকা সিরিজ বাতিল করা হবে। এটা অবশ্যই হবে। আমরা স্রেফ নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তাব করেছি।’