টেন্ডুলকারের জন্য দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি
ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট খেলার হাতছানি। শচীন টেন্ডুলকার এই অনন্য মাইলফলকটা ছুঁয়ে ফেলতে পারেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ২ জানুয়ারি থেকে শুরু কেপটাউন টেস্টেই। শর্ত আছে অবশ্য, এর আগে ২৬ ডিসেম্বর থেকে ডারবানে শুরু সিরিজের প্রথম টেস্টটাও তাঁকে খেলতে হবে। ধারণা করা হচ্ছে, তিন ম্যাচের এই টেস্ট সিরিজই হতে পারে ভারতের ক্রিকেট দেবতার বিদায়ী সিরিজ।
এই কারণেই হয়তো ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে সম্মান জানানোর সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমোদন পেলেই চূড়ান্ত পরিকল্পনা সবাইকে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন সিএসএর সভাপতি ক্রিস নেনজানি, ‘আমরা অবশ্যই এই ক্রিকেট আইকনকে সম্মান জানাব। বিসিসিআই এবং জাতীয় দল ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা জানানো হবে।’
২০১১ সালের জানুয়ারিতে কেপটাউনের নিউল্যান্ডসেই ৫১তম টেস্ট সেঞ্চুরিটি করেছিলেন টেন্ডুলকার। এরপর ২১ টেস্টে সেঞ্চুরির দেখা নেই। একই মাঠে টেস্ট খেলার ডাবল সেঞ্চুরি করাটা তাই তাঁর জন্য হবে বিশেষ কিছু। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৩৪ হাজারেরও বেশি রান ও ১০০ সেঞ্চুরির মালিক নিশ্চয়ই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার প্রস্তুতি নিয়ে রেখেছেন। ওয়েবসাইট।