টেন্ডুলকারের তারুণ্য-রহস্য
৫৩-তে পা দিয়েও টেস্ট খেলেছেন উইলফ্রেড রোডস। নোলান ক্লার্ক ওয়ানডে খেলেছেন ৪৮ বছর বয়সেও। ৪০ পেরিয়েও ওয়ানডে খেলেছেন এমন ক্রিকেটারদের তালিকায় গর্ডন গ্রিনিজ, সনাৎ জয়াসুরিয়া, ক্লাইভ লয়েড, রে ইলিংওয়ার্থ, জিওফ বয়কট, গ্রাহাম গুচ, ববি সিম্পসনরা আছেন। প্রশ্নটা ঠিক বয়সের নয়; প্রশ্নটা বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দাপটের সঙ্গে খেলে যাওয়ার, যেটা খেলছেন শচীন টেন্ডুলকার।গত দুই বছরে টেস্টে ১৯১৯ রান তুলেছেন। ওয়ানডে খেলা কমিয়ে না দিলে সেখানেও যে এমন রানবন্যা থাকত। গত বিশ্বকাপই তার প্রমাণ, যেখানে ৯ ম্যাচে ৪৮২ রান করেছেন টেন্ডুলকার। সেঞ্চুরি দুটি। এবারের আইপিএলের দিকে তাকান। কালকের ম্যাচ দুটোর আগ পর্যন্ত সেখানেও সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার (৩ ম্যাচে ২০১ রান)। একটি সেঞ্চুরি করেছেন, একটি ফিফটি।এই রোববার ৩৮ পূর্ণ করে ৩৯ বছরে পা রাখতে চলেছেন। অথচ এখনো তাঁকে দেখে ১৯৯৮-এর টেন্ডুলকারের কথাই মনে পড়ে যায়। ২০০৭ বিশ্বকাপের পরপর কিছুটা দুঃসময়ের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু গত দুই বছরে টেন্ডুলকারের যেন পুনর্জন্মই হয়েছে, যা দেখে রিকি পন্টিংরাও অনুপ্রাণিত হচ্ছেন।কিন্তু রহস্যটা কোথায়? ফিটনেসে! ভারতীয় দলের ফিজিও হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে সে কথাই বলছেন জন গ্লস্টার। বাংলাদেশেও একসময় কাজ করে যাওয়া গ্লস্টার আইপিএলে রাজস্থান রয়্যালসের সঙ্গে আছেন। সেখানেই এক ভারতীয় পত্রিকাকে বলেছেন টেন্ডুলকারের রহস্যটা কোথায়।‘শচীন আমার দেখা সবচেয়ে বুদ্ধিমান ক্রিকেটারদের একজন। কারণ, সে তাঁর শরীরের অবস্থা আর নিজের খেলাটা সম্পর্কে সবচেয়ে ভালো জানে। আমি ওকে দশে দশ দেব (ফিটনেসের দিক দিয়ে)। ও ভালো করেই জানে, এখন ওর পক্ষে কী কী করা সম্ভব, কী কী সম্ভব নয়। এই কাজটা করা কিন্তু খুবই কঠিন। এই পর্যায়ে ও নিজের সীমাবদ্ধতাগুলো ভালো করেই জানে। তাই চেষ্টা করে, সেই সীমাবদ্ধতার ভেতর থেকেই সর্বোচ্চটা বের করে আনতে। ফলে ওর শরীরে বেশি চাপ পড়ে না। আর এই কৌশলটা ও শিখেছে, কারণ আন্তর্জাতিক ক্রিকেটে ও ২১ বছর ধরে খেলছে।’শুধু কি শারীরিকভাবে শক্তপোক্ত হলেই চলে? না! গ্লস্টারই বলছেন, মানসিকভাবেই ক্রিকেটারদের এখন চ্যালেঞ্জ নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার যোগ্য হতে হবে, ‘আমি আসলে শারীরিক ও মানসিক দৃঢ়তাকে আলাদা করে দেখিই না। কারণ, এই দুটোই একটা অন্যটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শচীন, ধোনি, ওয়ার্নদের কাছে তাদের শারীরিক খেলাটার মতোই মানসিক প্রস্তুতিটাও সমান গুরুত্বপূর্ণ।’শেন ওয়ার্নের প্রসঙ্গও আসছে। কারণ, ৪২ বছর বয়সী ওয়ার্নও এবার আইপিএলে সমানে পাল্লা দিচ্ছেন তরুণদের সঙ্গে। তিন ম্যাচে ৫ উইকেট নেওয়া ওয়ার্ন তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তবে ঠিক উইকেটসংখ্যায় নয়, ওয়ার্ন নজর কাড়ছেন তাঁর সেই দুর্দান্ত টার্নের কারণে। রাজস্থান দলেই যেহেতু কাজ করছেন, গ্লস্টার ভালো বলতে পারবেন চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া ওয়ার্নের ফিটনেসের রহস্য।গ্লস্টারের কথা, ওয়ার্ন এখনো নিজেকে ফিট রাখার জন্য উদয়াস্ত কঠোর অনুশীলন করেন। আরেকটি ‘অস্ত্র’ আছে ওয়ার্নের—যোগব্যায়াম! ওয়েবসাইট।