টেন্ডুলকারের দূতিয়ালি!

শচীন টেন্ডুলকার রিও অলিম্পিকে এসেছেন, তা-ও দিন চারেক হয়ে গেছে। কিন্তু ক্রিকেট কিংবদন্তি পরশু রাগবি মাঠে গেলেন কেন? কিন্তু এই খেলায় তো ভারত নেই, টেন্ডুলকার কি শুধুই দর্শক হিসেবে গেছেন? বিশ্ব রাগবির প্রধান নির্বাহী ব্রেট গসপারের কথা অন্য রকম ইঙ্গিত দিচ্ছে, ‘শচীন আমাদের এখানে পুরো একটা সেশন ছিল। কীভাবে রাগবি অলিম্পিকে এল সেটাও খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চেয়েছেন। খুব সম্ভবত ক্রিকেটে কীভাবে তা কাজে লাগানো যায়, সেটি ভাবছেন। ক্রিকেটকে যদি রাগবির মতো নিজস্ব বলয় থেকে বের করতে হয়, সেটির জন্য অলিম্পিকের চেয়ে ভালো উপলক্ষ আর হয় না।’
১৯০০ সালের অলিম্পিকের পর বিশ্বক্রীড়ার সবচেয়ে বড় আসরে ক্রিকেট এখনো ব্রাত্য। তবে আইসিসি এখন ২০২৪ অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। টি-টোয়েন্টি সংস্করণকে মাথায় রেখে আইওসির কাছে একটা পরিকল্পনার খসড়াও আগামী বছর পাঠানোর কথা। এএফপি।