টেন্ডুলকারের নতুন মাইলফলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজটি শুরুর সময় থেকেই বারবার আলোচনায় আসছিল টেন্ডুলকারের শততম শতকটির কথা। গত বছরের মার্চ মাসে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ৯৯তম সেঞ্চুরিটি করেছিলেন ভারতের এই ব্যাটিং বিস্ময়। এর পর থেকেই তাঁর শততম শতকটি উদযাপনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সেই প্রতিক্ষার অবসান এখনো না হলেও ক্রিকেট-জগতকে নতুন একটা মাইলফলকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন লিটল মাস্টার। টেস্ট ক্রিকেটের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি পূর্ণ করেছেন ১৫ হাজার রান। ৫৬.২৫ গড়ে এই রান সংগ্রহ করতে শচীন খেলেছেন ১৮২টি ম্যাচ।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজটি শুরুর আগে টেস্টে ১৪৯৬৫ রান জমা হয়েছিল টেন্ডুলকারের ঝুলিতে। দিল্লি টেস্টেই যে তিনি এই মাইলফলকটি স্পর্শ করতে পারবেন, তা মোটামোটি অনুমিতই ছিল। কিন্তু প্রথম ইনিংসে মাত্র ৭ রানেই আউট হয়ে সবাইকেই অপেক্ষায় রেখেছিলেন টেন্ডুলকার। অবশেষে দ্বিতীয় ইনিংসে ২৮ রান সংগ্রহ করেই ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এখন তাঁর শততম শতকটি ক্রিকেটবিশ্ব কবে উদযাপন করতে পারবে, সেটাই দেখার বিষয়। আজ দিল্লি টেস্টের তৃতীয় দিন শেষে ৩৩ রানে অপরাজিত থেকে সে আশা অচিরেই পূর্ণ করার সম্ভাবনাও জাগিয়ে রেখেছেন এই ব্যাটিং কিংবদন্তি। ক্রিকইনফো।