টেন্ডুলকারের নয়, দ্রাবিড়ের সেঞ্চুরি
টিভির পর্দায় দেখাচ্ছিল দিল্লি টেস্টের তৃতীয় ইনিংসে শচীন টেন্ডুলকারের আউটটি। দেবেন্দ্র বিশুর শর্ট পিচ ডেলিভারিতে পুল করতে গিয়ে ৭৬ রানে এলবিডব্লু। ধারাভাষ্যকক্ষে সুনীল গাভাস্কার বললেন, এমন বলে মনে হয় আর কখনোই আউট হবে না টেন্ডুলকার। শুনে ক্রিকেট-বিধাতা বুঝি মুচকি হাসলেন। একটু পরই বিশুর শর্ট ডেলিভারি, এবার ব্যাটে-বলে হলো টেন্ডুলকারের। কিন্তু সোজা মিড উইকেটের হাতে! টানা ১৫ ইনিংস সেঞ্চুরিবিহীন টেন্ডুলকার। আরও বাড়ল শততম সেঞ্চুরির জন্য অপেক্ষা।ক্যারিয়ারে অনেকবারের মতো আরও একবার টেন্ডুলকারের মঞ্চে আলো জ্বেলেছেন রাহুল দ্রাবিড়। পেয়েছেন ক্যারিয়ারের ৩৬তম আর বছরের পঞ্চম সেঞ্চুরি। যথারীতি দ্রাবিড়কে দারুণ সঙ্গ দিয়েছেন ভিভিএস লক্ষ্মণ, প্রিয় মাঠে আরেকটি সেঞ্চুরি হাতছানি দিচ্ছে তাঁকে। শেষ বিকেলে দ্রুত দুটি উইকেট হারালেও ইডেনের প্রথম দিনটি ভারতেরই। সারা দিনে পাঁচটি উইকেট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, তবে নাইটওয়াচম্যান ইশান্ত শর্মার উইকেটটাই কেবল বোলারের কৃতিত্ব। বাকি সবই ছিল ‘উপহার’।উইকেট প্রায় ব্যাটিং-স্বর্গ, তবে নয়টায় শুরু বলে সকালে খানিকটা সহায়তা ছিল পেসারদের জন্য। সেই সুবিধাটা নিতে পারেননি উইন্ডিজ পেসাররা। শেবাগ-গম্ভীরের শুরুটাও ছিল তাই বিস্ফোরক। অ্যামব্রোস-ওয়ালশ জমানার পর প্রথম ক্যারিবীয় পেসার হিসেবে ৫০ টেস্ট খেলতে নামা এডওয়ার্ডস ছিলেন এলোমেলো। রোচ দলে থাকার পরও নতুন বল হাতে নিয়ে সবাইকে অবাক করেছেন ড্যারেন স্যামি। প্রথম স্পেলে ৬ ওভারে দিয়েছেন ৪৮ রান! শেবাগের উইকেটটা অবশ্য পেয়েছেন, যদিও বলটা এমন কিছু ভালো ছিল বলার উপায় নেই।দ্বিতীয় সেশনে ঘণ্টা খানেক সময় বাদ দিলে পুরো দিনেই সুশৃঙ্খল বোলিং করতে পারেননি উইন্ডিজ বোলাররা। প্রথম মেডেন ওভার এসেছে রোচের করা ইনিংসের ৪৭তম ওভারে! সারা দিনে মেডেন হয়েছে আর একটিই, বিশুর করা ইনিংসের ৭৪তম ওভার! এলোমেলো বোলিংয়েই আবার এসেছে সাফল্য। অফ স্টাম্পের হাত দুয়েক বাইরের বল শর্ট কাভারের হাতে তুলে দিয়েছেন গম্ভীর। নড়বড়ে শুরুর পর দারুণ খেলতে থাকা টেন্ডুলকার আউট শর্ট বলে। শেষ বিকেলে খণ্ডকালীন অফ স্পিনার ক্রেইগ ব্রাফেটের বল স্টাম্পে টেনে এনেছেন দ্রাবিড়। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১৩ হাজার রান থেকে তখন তিনি মাত্র ২১ রান দূরে।তবে এর আগে খেলেছেন দুর্দান্ত। শুরু থেকেই ছিলেন দারুণ ইতিবাচক, রোচকে ফ্লিক করে সেঞ্চুরি ছুঁয়েছেন ১৭৯ বলে। এর আগে একবারই বছরে পাঁচ সেঞ্চুরি করেছিলেন, ২০০২ সালে। ৩৯ ছুঁই-ছুঁই বয়সে যেন ক্যারিয়ারের সেরা ফর্মে দ্রাবিড়। ইয়ান বেলকে টপকে (৯৫০) এ বছর সর্বোচ্চ টেস্ট রান এখন তাঁরই (৯৫২)। লক্ষ্মণের সঙ্গে গড়েছেন দ্বাদশ সেঞ্চুরি জুটি, দুজনের জুটিতে রান চার হাজারও পেরিয়ে গেল কাল।ইডেনে দ্রাবিড়ের আগের তিনটি সেঞ্চুরিই বিখ্যাত। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে লক্ষ্মণের সঙ্গে ৩৭৬ রানের ওই মহাকাব্যিক জুটির সময় ১৮০। চার বছর পর পাকিস্তানের বিপক্ষে জোড়া সেঞ্চুরি। তুলনায় কালকের সেঞ্চুরিটিকেই ‘সহজতম’ বলছেন দ্রাবিড়। ওয়েবসাইট।