টেন্ডুলকারের পঞ্চম ডাবল সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা। এবার তাঁর পাশে নাম লেখালেন শচীন টেন্ডুলকারও। কলম্বো টেস্টের তৃতীয় দিনেই করেছিলেন ক্যারিয়ারের ৪৮তম টেস্ট সেঞ্চুরি। চতুর্থ দিনে শ্রীলঙ্কান বোলারদের নাকানি-চুবানি খাইয়ে চা-বিরতির আগেই ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকার।প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৬৪২ রানের পাহাড়কে সামনে রেখে ব্যাট করতে নেমে ২৪১ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। প্রথম টেস্টের মতো এবারও তারা পড়ে যায় ফলোঅনের শঙ্কায়। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে সুরেশ রায়নাকে সঙ্গে নিয়ে ২৫৬ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে ফলোঅনের হাত থেকে উদ্ধার করেন টেন্ডুলকার। অভিষেকেই টেস্ট সেঞ্চুরি করা সুরেশ রায়না ফিরে যান দলীয় ৪৯৭ রানের মাথায়। এরপর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জুটি বেঁধে আরও ৯৫ রান যোগ করে দিলশানের শিকারে পরিণত হন টেন্ডুলকার। ২০৩ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান প্যাভিলিয়নে।এই টেস্টের মধ্য দিয়ে টেন্ডুলকার করে ফেললেন সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডও। ১৬৮ টেস্ট খেলে এত দিন একাই এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। এবার শচীন টেন্ডুলকারও বসে গেলেন তাঁর পাশে।