টেন্ডুলকারের পাওয়া না-পাওয়া
এমন অপেক্ষায় তিনি রেখেছিলেন তাঁর পঞ্চাশতম টেস্ট সেঞ্চুরিকে। বেঙ্গালুরু, আহমেদাবাদ, হায়দরাবাদ—একের পর এক টেস্টে গিয়ে অপেক্ষা বেড়েছে। অবশেষে সেঞ্চুরিয়নে গিয়ে পেলেন পঞ্চাশতম টেস্ট সেঞ্চুরি। শচীন টেন্ডুলকার এখন অপেক্ষা বাড়াচ্ছেন শততম আন্তর্জাতিক সেঞ্চুরির। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেভাবে ব্যাটিং করছিলেন, মনে হচ্ছিল হয়ে যাবে। হয়নি। কাল মোহালিতেও পেতে পেতে পেলেন না!অথচ কালকের দিনটি মনে হচ্ছিল বিধাতা তাঁর জন্যই সাজিয়ে রেখেছেন। চার-চারবার ক্যাচ পড়েছে! যে রেফারেল পদ্ধতি নিয়ে তাঁর এত আপত্তি, ভারতের যে রেফারেলে অরুচি তাঁর জন্য; সেই রেফারেলও একবার বাঁচিয়ে দিয়েছে। তার পরও টেন্ডুলকার পেলেন না। মাত্র ১৫ রানের জন্য বলেই মোহালির দর্শকদের আক্ষেপ আরও বাড়ল।৮৫ রানের এই ইনিংসটাতে সত্যিই ছয়-ছয়বার আউট হতে হতে বেঁচে গেছেন টেন্ডুলকার। প্রথমবার ক্যাচ ফেলেছেন মিসবাহ, এরপর ইউনুস। তৃতীয়বার কামরান আকমল, চতুর্থবার তাঁর ভাই উমর। এর আগে টেন্ডুলকারের পরিত্রাতা হয়ে এসেছিল আম্পায়ার ডিসিশন রিভিউ সিস্টেম (ইউডিআরএস)। ২৩ রানে ব্যাট করছিলেন টেন্ডুলকার। বোলার ছিলেন সাঈদ আজমল। বল প্যাডে লাগার পর ইউডিআরএসের দ্বারস্থ হন টেন্ডুলকার। রিভিউয়ে দেখা যায়, বল লেগ স্টাম্পের বাইরে যেত। টেন্ডুলকার ‘জীবন’ পান। পরের বলেই আবারও রিভিউ। এবার অবশ্য টেন্ডুলকার চাননি, তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হয়েছিলেন মাঠের আম্পায়ারই। টেন্ডুলকারের বিপক্ষে স্টাম্পিংয়ের আবেদন উঠেছিল। টেন্ডুলকার বেঁচে গেছেন সেবারও।সব মিলে ছয়বার বেঁচে যাওয়া টেন্ডুলকার শেষ পর্যন্ত আউট হন আজমলের বলেই, অনেকটা নিরীহদর্শন এক ডেলিভারিতে। এবার ক্যাচ ঠিকই লুফে নেন আফ্রিদি। পেতে পেতেও সেঞ্চুরিটা পাওয়া হলো না টেন্ডুলকারের! কে জানে সেটা হয়তো মুম্বাইয়ের ফাইনালের জন্যই জমিয়ে রেখেছেন।