টেন্ডুলকারের পাশে ভিভ
চলতি সিরিজে ছয় ইনিংসে তাঁর গড় ১৮.৬৬। সর্বশেষ ইনিংসে মাত্র ২ রানে আউট হয়ে দলকে ঠেলে দিয়েছেন বিপদের মুখে। শোরগোলটাও বেড়েছে। কিন্তু শচীন টেন্ডুলকারকে নিয়ে চারদিকে শুরু হওয়া শত সমালোচনা, প্রশ্ন-তিরের ছোটাছুটি সবই অন্যায় মনে করেন ভিভ রিচার্ডস। টেন্ডুলকারকে এক-দুই সিরিজ দিয়ে বিবেচনা করাও অবিবেচকের কাজ বলে মনে করছেন ক্যারিবীয় কিংবদন্তি। রিচার্ডস বলেছেন, ক্রিকেটের ইতিহাসে টেন্ডুলকার নিজেকে এমন এক উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন, তাঁর অবসর নিয়ে এভাবে কথা বলা শোভা পায় না।‘ওর কখন যাওয়া উচিত, সেটা ওকে বলার মতো যে যোগ্যতা লাগে, সেটা কারও নেই’—বিবিসি রেডিওকে বলেছেন রিচার্ডস। ৩৯ বছর বয়সেও টেন্ডুলকার কেন অবসরে যাচ্ছেন না, সেই ব্যাখ্যাও দিয়েছেন নিজের মতো করে। রিচার্ডস মনে করেন, অবসর জীবনের চূড়ান্ত একটা সিদ্ধান্ত। অনেক ভেবেই সেটা নেওয়া উচিত, ‘যখন অবসর নেবেন, এর অর্থ হলো আপনি কিন্তু দীর্ঘ সময়ের জন্যই অবসরে যাচ্ছেন। এটা অনেকটা একরকম মরে যাওয়ার মতো। তাই যতক্ষণ বেঁচে আছেন, ততক্ষণ পর্যন্ত লড়াই করুন, যা করছেন উপভোগ করুন। এটাই আমার কাছে শেষ কথা।’ ওয়েবসাইট।