টেন্ডুলকারের প্রশংসায় পঞ্চমুখ গাভাস্কার
ভারতের প্রতিটা ম্যাচের দিকেই অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন টেন্ডুলকার-ভক্তরা। অপেক্ষা লিটল মাস্টারের সেঞ্চুরির সেঞ্চুরি উদযাপন করার। গতকাল মোহালিতে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের মহারণে সেই ঐতিহাসিক মুহূর্তটির প্রায় কাছাকাছিই চলে গিয়েছিলেন ভারতের এই ব্যাটিং বিস্ময়। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ১৫ রানের আক্ষেপ সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। তবে তাঁর ১১৫ বলে ৮৫ রানের ধৈর্যশীল ইনিংসটাই গড়ে দিয়েছিল ভারতের জয়ের ভিত্তি। উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতের ২৯ রানের জয়ের পর সুনীল গাভাস্কার তাই ভূয়সী প্রশংসা করেছেন টেন্ডুলকারের।গাভাস্কার বলেছেন, ‘শচীন তার সেরা খেলাটা খেলতে পারেনি, এটা ঠিক। কিন্তু সে উইকেট আঁঁকড়ে পড়ে থেকেছে। উইকেটটা বিলিয়ে দিয়ে আসেনি। যদি সে খুব দ্রুতই আউট হয়ে যেত, তাহলে ভারতের স্কোর হয়তো ২৩০ রানের মতো হতো। সে ক্ষেত্রে ভারত হয়তো ফাইনালের টিকিটটা পেত না।’ভারতের ব্যাটিং নিয়ে সন্তোষ প্রকাশ করলেও বোলিং আক্রমণের রণকৌশল নিয়ে খুব বেশি সন্তুষ্ট হতে পারেননি ভারতের সাবেক এই অধিনায়ক। রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় আশিষ নেহরাকে দলে অন্তর্ভুক্ত করাটা আত্মঘাতী সিদ্ধান্তে পরিণত হতে পারত বলে মন্তব্য করে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, অশ্বিনের জায়গায় নেহরার অন্তর্ভুক্তির সিদ্ধান্তটা ঠিক হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেহরা মোটেই ভালো বল করেনি। অনেক রান দিয়েছিল। গতকালও তাকে খুব বেশি আত্মবিশ্বাসী মনে হয়নি। ভাগ্য ভালো যে, শেষ পর্যন্ত সে ভালো বল করেছে।’ ইএসপিএন।