টেন্ডুলকারের প্রস্তাবে আইসিসির ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টেন্ডুলকার-তত্ত্ব’কে সবিনয়ে প্রত্যাখ্যান করল আইসিসি। ওয়ানডে ক্রিকেটকে ঢেলে সাজাতে বহুদিন ধরে একটা ধারণা দিয়ে আসছেন ক্রিকেটের সফলতম ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ৫০ ওভারকে দুই ইনিংসে ভেঙে ২৫ ওভার করে করার প্রস্তাব তাঁর। টেস্টের মতো এখানেও প্রতিটি দল দুই ইনিংস ব্যাট করার সুযোগ পাবে। এতে টসজয়ী দল বাড়তি সুযোগ পাবে না, একটা দল প্রথম ইনিংসে করা ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে দ্বিতীয় ইনিংসে। ওয়ানডে ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতেই লিখিত এই প্রস্তাব টেন্ডুলকারের।অনেক দিন ধরেই নিজের এই পরিকল্পনার কথা টেন্ডুলকার বলে আসছিলেন সংবাদমাধ্যমে। সম্প্রতি আইসিসিকে এ ব্যাপারে চিঠিও দিয়েছেন। সেখানে আরও বিশদভাবে নিজের ধারণাটি ব্যাখ্যা করেছেন। এতে তিনটির পরিবর্তে দুটি পাওয়ার প্লের পক্ষে তিনি। এ ছাড়া সর্বোচ্চ চারজন বোলারকে ১২ ওভার করে বল করতে দেওয়ার পরামর্শও তাঁর। চিঠিতে বেশ কিছু ওয়ানডের উদাহরণও দিয়েছেন টেন্ডুলকার, যে ম্যাচগুলোতে টসজয়ী দলগুলো পরিষ্কারভাবে বাড়তি সুবিধা পেয়েছে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এরই মধ্যে দুই ইনিংসে ভাগ করে খেলা হচ্ছে। ৪৫ ওভারটিকে ২০ ও ২৫ ওভারে দুই ভাগ করে দুই ইনিংস খেলা হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নতুন এই ফরম্যাটকে বেশ সফলও বলেছে। শুধু খেলার মাঠে নয়, দর্শকদের কাছেও এটি জনপ্রিয় হয়েছে। রয়টার্স, ওয়েবসাইট।টেন্ডুলকারের এই প্রস্তাব অবশ্য আপাতত বাস্তবায়িত হচ্ছে না। ৫০ ওভারের ক্রিকেটে এখনই বড় ধরনের কোনো পরিবর্তন আনার পক্ষে নয় আইসিসি। আইসিসি প্রধান নির্বাহী হারুন লরগাত জানিয়ে দিয়েছেন, ‘৫০ ওভারের ক্রিকেট নিয়ে শচীনের সঙ্গে অনেক দিন ধরেই আমার কথা হচ্ছে। গত বিশ্বকাপের সময়ও এ নিয়ে আমরা কথা বলেছি। মে মাসে তিনি আইসিসির ক্রিকেট কমিটির কাছে একটা লিখিত প্রস্তাবও দিয়েছিলেন। ক্রিকেট কমিটি এই প্রস্তাব বিবেচনায়ও নিয়েছিল। কিন্তু বোর্ড মনে করে, ৫০ ওভারের ক্রিকেট এখন বেশ ভালো অবস্থাতেই আছে। এই পর্যায়ে তাই বড় কোনো রদবদলের প্রয়োজন আমরা দেখছি না।’