টেন্ডুলকারের প্রয়োজন মনোবিদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর কোনো সমস্যা কিংবা বড় ধরনের হতাশায় ভুগলেই সাধারণত মনোবিদের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে। রশিদ লতিফের ধারণা, শচীন টেন্ডুলকারের সেই সময় এসে গেছে। বিদ্রূপ করে বা খোঁচা দিয়ে নয়, পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেই। টেন্ডুলকারের সমস্যা বা হতাশা ওই বহুকাঙ্ক্ষিত শততম সেঞ্চুরি নিয়ে। খুব কাছে গিয়েও বারবার ফসকে যেতে দেখেই লতিফের উপলব্ধি, টেন্ডুলকার ম্যাজিক ফিগারটা ছুঁতে পারছেন না স্রেফ মানসিক প্রতিবন্ধকতার জন্য। আর এই মানসিক বাধা দূর করার উপায় ক্রীড়া মনোবিদের পরামর্শ নেওয়া।আর সব রেকর্ডের মতো শততম সেঞ্চুরিটাকেও টেন্ডুলকার বারবার বলছেন স্রেফ একটি সংখ্যা। বলে আসছেন, এ নিয়ে ভাবনাও তাঁর নেই। কিন্তু লতিফের ধারণা, শততম সেঞ্চুরি নিয়ে চারদিকে এত হইচই আর আলোচনাই টেন্ডুলকারের ভেতরে এক ধরনের শঙ্কা ঢুকিয়ে দিয়েছে, ‘কোনো সন্দেহ নেই সে চাপে আছে। সে হয়তো স্বীকার করবে না, কিন্তু শততম সেঞ্চুরি নিয়ে এত শোরগোল হওয়ায় এক ধরনের মানসিক প্রতিবন্ধকতা ওকে পেয়ে বসেছে। কোনো একজন ক্রীড়া মনোবিদের পরামর্শ নেওয়াটা তাই খারাপ হবে না। ব্যাটিং ভালো করছে, উইকেট দেখে সবকিছু ঠিক মনে হচ্ছে। স্রেফ ওই মানসিক বাধা আর চাপটাই ওকে মাইলফলকটা ছুঁতে দিচ্ছে না।’লতিফের এই ধারণা কল্পনাপ্রসূত নয়। টেন্ডুলকারের ব্যাটিং কিছুদিন ধরে নাকি খুব মনোযোগ সহকারে দেখেই সাবেক উইকেটরক্ষকের এই উপলব্ধি, ‘এটা যে কারও ক্ষেত্রেই হতে পারে। গত ১০ মাসে ওর অনেক ইনিংসই আমি দেখেছি। অস্ট্রেলিয়ায় দুই টেস্টে ওকে মোটেও মনে হয়নি ফর্মে নেই বা টাইমিংয়েও সমস্যা হচ্ছে। উইকেটে নড়াচড়া খুব ভালোভাবে করছে, রান পাওয়া দেখেই বোঝা যাচ্ছে ব্যালান্সেও সমস্যা হচ্ছে না। স্রেফ ওই সেঞ্চুরিটার কাছে গিয়ে আটকে যাচ্ছে।’ লতিফের অবশ্য ধারণা, চলতি সিরিজেই সেঞ্চুরিটা পেয়ে যেতে পারেন টেন্ডুলকার, হয়তো অ্যাডিলেডে শেষ টেস্টেই।অস্ট্রেলিয়ার ভারতের পারফরম্যান্স নিয়েও লতিফের ভাবনা অন্যদের চেয়ে আলাদা। সমালোচনার সব তীর যখন ব্যাটসম্যানদের দিকে, ৩৭ টেস্ট ও ১৬৬ ওয়ানডে খেলা উইকেটরক্ষক মূল সমস্যা দেখছেন ভারতের বোলিংয়ে, ‘এমন ধারহীন, অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে একটা দল কীভাবে ভালো করার আশা করতে পারে! ব্যাটসম্যানদের সমর্থন দিতে পারছে না এই বোলিং। সমস্যাটা হলো, জহির খান ছাড়া তাদের খুব বেশি বিকল্প ও বৈচিত্র্য নেই। টেস্টে হরভজনকে বাদ দেওয়াও ছিল বড় একটা ভুল, কারণ অশ্বিন স্পষ্টতই এখনো টেস্টের জন্য প্রস্তুত নয়।’ ওয়েবসাইট।